বাংলায় চালু হয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৭ জানুয়ারি এই ট্রেনের শুভ উদ্ধোধন করেছেন । আগামী ২২ জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য হাওড়া-কামাখ্যা রুটে প্রথম চালু হবে বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ট্রেনটির হাত ধরে পশ্চিমবঙ্গ ও অসম দুই রাজ্য জুড়বে রেলপথে। এই ট্রেনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে আগ্রহের অন্ত নেই যাত্রীদের মধ্যে।
দুই রাজ্যের সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি ট্রেনের মেনুতেও দুই রাজ্যের খাবারের স্বাদ চোখে পড়বে । সম্প্রতি এই ট্রেনের খাবারের মেনু প্রকাশ্যে এসেছে। পশ্চিমবঙ্গ ও অসম দুই রাজ্যের ঐতিহ্যবাহী লোভনীয় সব খাবারের নাম রয়েছে সেই মেনুতে। রেল সূত্রে খবর, বাঙালি খাবার হিসেবে বন্দে ভারত স্লিপার ট্রেনে বাঙালি মেনুতে থাকবে : ১.বাসন্তী পোলাও ২.ছোলার ডাল ৩. মুগ ডাল ৪. ঝুরি আলু ভাজা ৫.ছানা বা ধোঁকার ডালনা ৬. লাবড়া ৭.সন্দেশ ৮.রসগোল্লা ইত্যাদি।
অন্যদিকে বন্দে ভারত স্লিপার ট্রেনে অসমীয়া মেনু হিসেবে থাকবে , ১. সুগন্ধী জোহা ভাত ২. মাটি মাহর ডালি ৩. মুসুর ডালি ৪. মরসুমি সব্জির ভাজাভুজি ৫. নারকেল বরফি। চা কফি জল সহ অন্যান্য জলখাবার রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনু কার্ডে। ট্রেন থেকে খাবার কিনে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন , হাওড়া থেকে কামাখ্যা যাওয়ার সময় যাত্রীদের দেওয়া হবে বাঙালী খাবার। অন্যদিকে কামাখ্যা থেকে হাওড়ায় ফেরার সময় বন্দে ভারত স্লিপার ট্রেনে দেওয়া হবে অসমীয়া খাবার।







