জেলা

ঝাড়গ্রামে এবার বাঘের গর্জন! তৈরি হচ্ছে টাইগার সাফারি, আসছে রয়্যাল বেঙ্গল টাইগার

এবার ঝাড়গ্রামেও শোনা যাবে বাঘের গর্জন! জোরকদমে এগোচ্ছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে টাইগার সাফারি তৈরির কাজ। পরিকাঠামো নির্মাণ সম্পূর্ণ হলেই সেখানে নিয়ে আসা হবে রয়্যাল বেঙ্গল টাইগার। এই সাফারি চালু হলে ঝাড়গ্রামে পর্যটকের সংখ্যা অনেকটাই বাড়বে বলে আশাবাদী রাজ্য প্রশাসন। সব পরিকল্পনা মাফিক এগোলে আগামী দু’বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হতে পারে।

ঝাড়গ্রাম শহর থেকে মাত্র দেড় থেকে দু’কিলোমিটার দূরে ধবনি বিট এলাকায় প্রায় ২৩ হেক্টর জমির উপর প্রাকৃতিক জঙ্গলে ঘেরা পরিবেশে গড়ে উঠেছে এই চিড়িয়াখানা। এখানকার অন্যতম আকর্ষণ তার মনোরম প্রাকৃতিক পরিবেশ। একসময় বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া হরিণদের এখানে আশ্রয় দেওয়া হত। পরবর্তী সময়ে ধীরে ধীরে নানা প্রজাতির বন্যপ্রাণীর ঠিকানা হয়ে ওঠে এই চিড়িয়াখানা। পরে এর নামকরণ হয় জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। পূর্ণাঙ্গ চিড়িয়াখানা হিসেবে গড়ে তোলার কাজও শুরু হয়।

সময়ের সঙ্গে বদলে গিয়েছে পার্কের চেহারা। তৈরি হয়েছে পশু হাসপাতাল এবং উন্নতমানের এনক্লোজার। বর্তমানে প্রাকৃতিক পরিবেশে এখানে রয়েছে ৩৩৯টি বিভিন্ন প্রজাতির পশু, পাখি ও সরীসৃপ। লেপার্ড, সজারু, হায়না, নেকড়ে, ভালুক, কচ্ছপ, ফিশিং ক্যাট, জঙ্গল ক্যাট, নীলগাই, ময়ূর, গোসাপের পাশাপাশি রয়েছে কেউটে, গোখরো, চন্দ্রবোড়া ও পাইথনের মতো একাধিক প্রজাতির সাপ। এছাড়াও চিতল হরিণ, সম্বর ও বার্কিং ডিয়ার পর্যটকদের অন্যতম আকর্ষণ। বাজ, শকুন-সহ বিভিন্ন প্রজাতির পাখি এবং নানা ধরনের বাঁদরেরও দেখা মেলে এখানে। এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে রয়্যাল বেঙ্গল টাইগার। সেই লক্ষ্যেই চলছে টাইগার সাফারির পরিকাঠামো তৈরির কাজ।

কিছুদিন আগেই গোটা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে এলাকায় যান বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। সেখানেই তিনি জানান, ঝাড়গ্রামে টাইগার সাফারি তৈরির জন্য রাজ্যের প্রথম বাজেটেই ২৫ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আপাতত ৬৫ একর জমির উপর এই সাফারি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বনমন্ত্রীর বক্তব্য, টাইগার সাফারি চালু হলে ঝাড়গ্রাম ও সংলগ্ন এলাকার অর্থনৈতিক পরিস্থিতিতে বড়সড় পরিবর্তন আসতে পারে। পিছিয়ে পড়া অঞ্চলগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। তাঁর দাবি, বর্তমানে যেখানে বছরে প্রায় দু’লক্ষ পর্যটক আসেন, সাফারি চালু হলে সেই সংখ্যা দ্বিগুণ হতে পারে। এর ফলে গোটা এলাকার পর্যটন ও অর্থনীতিতে নতুন গতি আসবে।

উল্লেখ্য, টাইগার সাফারি তৈরির জন্য ২২৬.৩৭ একর জমি বন দফতরের হাতে তুলে দিচ্ছে ভূমি ও ভূমি সংস্কার দফতর। মূলত শিলিগুড়ির টাইগার সাফারির মডেল অনুসরণ করেই এই প্রকল্প তৈরি হবে। পরিকল্পনা অনুযায়ী, শিলিগুড়ি থেকে উদ্বৃত্ত পাঁচটি রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, হগ ডিয়ার এবং স্পটেড ডিয়ার নিয়ে আসা হবে ঝাড়গ্রামে। ইতিমধ্যেই বাঘ চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে রাজ্য জু অথরিটি। পাশাপাশি কেন্দ্রীয় জু অথরিটির অনুমোদন চেয়েও আবেদন করা হয়েছে বলে খবর।

সব মিলিয়ে, জঙ্গলমহলের পর্যটন মানচিত্রে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে ঝাড়গ্রামের এই টাইগার সাফারি। প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.