কলকাতারাজ্য

ধৃতদের দড়ি বেঁধে ঘোরানো নিয়ে তোপ হাইকোর্টের, রাজ্যের কাছে রিপোর্ট চাইল আদালত

রাজ্যে পুলিশের অতিসক্রিয়তা এবং ধৃত ব্যক্তিদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। সাম্প্রতিক সময়ে একাধিক অভিযুক্তকে গ্রেফতারের পর কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে রাস্তায় ঘোরানোর অভিযোগ সামনে আসতেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে আদালত।

হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে এই ঘটনাগুলি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারকে। পুলিশের এই ধরনের পদক্ষেপের কারণ ও প্রেক্ষাপট সেই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে ঘটনাটি মানবাধিকার কমিশনের নজরেও এসেছে। শুনানিতে কমিশনের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে যে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। পুলিশের ভূমিকা এবং ধৃতদের সঙ্গে আচরণ কতটা আইনসঙ্গত ছিল, তা খতিয়ে দেখতে কমিশন নিজস্ব তদন্তও শুরু করেছে।

কয়েক দিন আগে হাওড়ায় এক অভিযুক্তকে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে শহরের রাস্তায় হাঁটিয়ে ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’ করানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় আরেকটি ঘটনা সামনে আসে। তোলাবাজি ও অস্ত্র মামলায় গ্রেফতার হওয়া বীজপুরের এক যুব তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় নিয়ে যায় পুলিশ। সেই সময় উপস্থিত জনতার একাংশ তাকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দেয় বলেও অভিযোগ।

আইনজীবীদের একাংশের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী হেফাজতে থাকা বা বিচারাধীন কোনও ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণ করা যায় না। বিশেষ প্রয়োজন না থাকলে কাউকে হাতকড়া বা দড়ি বেঁধে জনসমক্ষে প্রদর্শন করাও আইনসম্মত নয়। তাদের দাবি, অপরাধের বিচার ও শাস্তি নির্ধারণের দায়িত্ব আদালতের, পুলিশের নয়। তাই এ ধরনের ঘটনা আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলছে।

এই প্রেক্ষাপটেই মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছে জবাবদিহি চেয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.