কলকাতা

যাদবপুরের দেওয়াল ঘিরে ফের উত্তাপ! ‘দেশবিরোধী স্লোগান বরদাস্ত নয়’, কড়া বার্তা পুরমন্ত্রীর

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। ১৯ অগস্টের সংঘর্ষের পর থেকেই রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে রয়েছে ক্যাম্পাস। এবার বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা একাধিক বিতর্কিত স্লোগান মুছে ফেলা এবং তার পর ফের নতুন করে দেওয়াল লিখনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়াল থেকে বেশ কিছু লেখা মুছে ফেলা হয়। বিশেষ করে ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে থাকা কিছু বিতর্কিত স্লোগান সাদা রং করে ঢেকে দেওয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা।

বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, দেশের কোনও প্রান্তেই দেশবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। তাঁর অভিযোগ, যাদবপুরের মতো ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে কাশ্মীরের স্বাধীনতা, ৩৭০ ধারা ফেরানো এবং হিংসার পক্ষে বার্তা লেখা হয়েছিল।

অগ্নিমিত্রার দাবি, রাজনৈতিক স্বার্থে দীর্ঘদিন ধরে এই ধরনের মনোভাবকে প্রশ্রয় দেওয়া হয়েছে। তাঁর স্পষ্ট বার্তা, “দেশবিরোধী স্লোগান আমরা ভারতের কোথাও রাখতে দেব না।”

তবে দেওয়াল লিখন মুছে ফেলার বিরোধিতা করেছে বামপন্থী ছাত্র সংগঠন SFI। তাদের বক্তব্য, ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। বিতর্ক আরও বাড়ে সোমবার, যখন শনিবার সাদা রং করে ঢেকে দেওয়া অংশেই ফের নতুন দেওয়াল লিখন দেখা যায়। সেখানে কার্ল মার্কসকে উল্লেখ করে নতুন স্লোগান লেখা হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে কিষেণজিকে নিয়ে স্লোগান, ফ্যাসিবাদবিরোধী বার্তা এবং হিংসাত্মক ভাষার ব্যবহার নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেই লেখাগুলির কয়েকটি মুছে ফেলা হয়েছে।

১৯ অগস্টের সংঘর্ষের পর মিছিল-পাল্টা মিছিল, রাজনৈতিক চাপানউতোর এবং দেওয়াল লিখন—সব মিলিয়ে যাদবপুরের পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন প্রশ্ন, মতপ্রকাশের অধিকার ও ক্যাম্পাসের স্বাধীনতা বজায় রেখেও বিতর্কিত ও উস্কানিমূলক লেখার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী অবস্থান নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.