মায়াপুরগামী যাত্রীদের জন্য বড় সুখবর দিল পূর্ব রেল। কৃষ্ণনগর-আমঘাটা শাখায় ট্রেন পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৩ মে থেকে এই রুটে অতিরিক্ত দু’জোড়া লোকাল ট্রেন চালু করা হবে। এর ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।
রেল সূত্রে খবর, ট্রেন নম্বর ৩১৮৮৭ কৃষ্ণনগর থেকে ভোর ৫:২০ মিনিটে ছাড়বে এবং ফিরতি ট্রেন ৩১৮৮৮ আমঘাটা থেকে ভোর ৫:৪৩ মিনিটে যাত্রা শুরু করবে। এছাড়াও রাতের দিকে নতুন পরিষেবাও চালু হচ্ছে। ট্রেন নম্বর ৩১৮৮৯ কৃষ্ণনগর থেকে রাত ১০:১৫ মিনিটে ছাড়বে এবং ফিরতি ট্রেন ৩১৮৯০ আমঘাটা থেকে রাত ১০:৪০ মিনিটে রওনা দেবে।
উল্লেখ্য, কয়েক মাস আগেই কৃষ্ণনগর-আমঘাটা রেলপথ চালু হয়েছিল স্থানীয় মানুষের সুবিধার কথা মাথায় রেখে। শুরুতে এই রুটে তিন জোড়া ট্রেন চলাচল করত। তবে সময়ের সঙ্গে যাত্রী সংখ্যা বাড়তে থাকায় এবং বিশেষ করে মায়াপুরমুখী যাত্রীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় শিয়ালদহ ডিভিশন অতিরিক্ত ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়।
নতুন পরিষেবা চালু হওয়ার পর এই শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন চলাচল করবে। রেল কর্তৃপক্ষের আশা, এর ফলে শুধু যাত্রীদের সুবিধাই বাড়বে না, মায়াপুর এলাকার ব্যবসা-বাণিজ্য ও পর্যটনেও ইতিবাচক প্রভাব পড়বে।







