আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষা হবে। তবে পরীক্ষার্থীরা প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার সুযোগ পাবেন। উত্তর লেখা শুরু হবে সকাল ১১টা থেকে।
পর্ষদের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে মাধ্যমিক। ১৬ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। ১৭ ফেব্রুয়ারি কোনও পরীক্ষা রাখা হয়নি। এরপর ১৮ ফেব্রুয়ারি ইতিহাস এবং ১৯ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে।
অঙ্ক পরীক্ষার আগে পরীক্ষার্থীরা দু’দিন সময় পাবে। ২২ ফেব্রুয়ারি হবে অঙ্ক পরীক্ষা। ২৩ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান, ২৪ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান এবং ২৫ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। তবে ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন-সহ কিছু ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার দিন পরে জানানো হবে বলে জানিয়েছে পর্ষদ।
উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ ফেব্রুয়ারি। প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছিল। ফল প্রকাশ হয় ৮ মে। আগামী বছর চলতি বছরের তুলনায় ১৩ দিন পরে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তবে ২০২৭ সালে মোট কত পরীক্ষার্থী পরীক্ষায় বসবে, তা এখনও জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ।







