টানা বৃষ্টিতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে নেপাল। একের পর এক এলাকায় বন্যা, হড়পা বান এবং ভূমিধসে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গান্ডাকি প্রদেশ। এখনও পর্যন্ত সেখানে ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। দুর্গম এলাকাগুলিতে জোরকদমে চলছে উদ্ধারকাজ।
কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় একের পর এক ধস নামছে। বাড়ছে নদীগুলির জলস্তরও। বিশেষ করে কালী গণ্ডকী নদীর ভয়াবহ স্রোতে নদী তীরবর্তী বহু এলাকা কার্যত বিপর্যস্ত। বাগলুং, মিয়াগদি, পার্বত ও নাওয়ালপুর-সহ একাধিক জেলায় ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে।
পার্বতের ফার্সে এলাকায় নদীর জলের তোড়ে বহু বাড়ি ভেসে গিয়েছে। প্রশাসনের হিসাবে, প্রায় ৬৬-৬৭টি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। তবে আগেই বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ায় সেখানে বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। অন্যদিকে বাগলুংয়ে ভূমিধসে একটি বাড়ি চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বন্যা ও ধসের জেরে গান্ডাকি প্রদেশে ১৯৫টি বাড়ি সম্পূর্ণ এবং ২৬টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও ২৭০টি বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। প্রায় ৪৩৫টি বাড়ির দেড় হাজারের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেতু ও সরকারি পরিকাঠামো। গোয়ালঘর ভেসে গিয়ে বহু গবাদি পশুরও মৃত্যু হয়েছে।
পরিস্থিতি আরও জটিল হয়েছে কালী গণ্ডকী জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে। নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় কালীগণ্ডকী ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পের মিরমি বাঁধের তিনটি গেটই খুলে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ উৎপাদনও।
প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নদী ও ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রেখে উদ্ধার ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।







