কলকাতা

এসআরএফটিআইয়ে অশান্তি: ভারতমাতার ছবি ছেঁড়া ও বিবেকানন্দকে অপমানের অভিযোগে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা এসআরএফটিআইয়ে সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনায় কড়া অবস্থান নিলেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আন্দোলনের নামে ভারতমাতার অপমান কিংবা স্বামী বিবেকানন্দের ছবিতে লাথি মারার মতো ঘটনা ঘটে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, গোটা ঘটনায় শিক্ষাঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছে এসআরএফটিআই অ্যালুমনি অ্যাসোসিয়েশন।

ঘটনার সূত্রপাত গত রবিবার। এসআরএফটিআইয়ের অডিটোরিয়ামে আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। অভিযোগ, সেই অনুষ্ঠানস্থলে এসএফআইয়ের সদস্যরা পৌঁছে শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের কর্মসূচি আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আয়োজকদের অভিযোগ, উত্তেজনা বাড়ার একপর্যায়ে অনুষ্ঠানস্থলে রাখা ভারতমাতার ছবি ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি স্বামী বিবেকানন্দের ছবিতেও লাথি মারা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। আয়োজকদের তরফে ঘটনার প্রতিবাদ করা হলে দু’পক্ষের মধ্যে বচসা এবং পরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কিন্তু পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দু’পক্ষের মধ্যে ইট, পাথর এবং বোতল ছোড়াছুড়ির অভিযোগ ওঠে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছে এসআরএফটিআই অ্যালুমনি অ্যাসোসিয়েশন। কারও মাথায়, আবার কারও কপালে আঘাত লেগেছে বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়াতেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঋত্বিক চক্রবর্তী, ঊষসী-সহ একাধিক বামপন্থী মনোভাবাপন্ন তারকা ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। অন্যদিকে, ভারতমাতার ছবি অপমান কিংবা বিবেকানন্দের ছবিতে লাথি মারার অভিযোগকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

মন্ত্রী বলেন, অভিযুক্তরা বামমনস্ক কিংবা নকশালপন্থী যাই হোক না কেন, কোনও বাঙালি ছাত্র স্বামী বিবেকানন্দের ছবিতে লাথি মারতে পারে না। এই ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেছেন তিনি।

এদিকে, এসআরএফটিআইয়ের অশান্তির ঘটনায় পঞ্চসায়র থানায় এখনও পর্যন্ত চারটি এফআইআর দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.