পরিষদীয় মন্ত্রী , প্রবীণ রাজনীতিবিদ , শোভন দেব চট্টোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠলো বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ! এই নিয়ে খোদ ক্ষোভ প্রকাশ করেছেন শোভন দেবও। এই নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস স্পিকারকে অনুরোধও করেছিলেন শোভনদেবকে সময় দেওয়ার জন্য। কিন্তু অধ্যক্ষ বলেন, “আপনি আমায় চাপ দিতে পারেন না।” তার কথায়, “আপনার নাম আগে ছিল না, থাকলে সময় দিতাম।”
উল্লেখ্য , বিধানসভায় নিয়ম রয়েছে , কোন কোন বক্তা বক্তব্য রাখবেন তা বিধানসভার অধ্যক্ষকে আগেই জানাতে হয় । আর শনিবার বাজেট অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনার ক্ষেত্রে , বক্তা হিসেবে নাম ছিল না শোভন দেব চট্টোপাধ্যায়ের । কিন্তু তাও তিনি বলতে উঠলে , অরূপ বিশ্বাসের অনুরোধে স্পিকার চার মিনিটের সময় দেন । কিন্তু পরিষদীয় মন্ত্রী , কয়েকটি বাক্য পাঠ করতে না করতেই সবুজ আলো জ্বালিয়ে দেওয়া হয় । আর তারপরেই লাল করে , মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে । যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন শোভন দেব চট্টোপাধ্যায় ।
তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই নিয়ে বলেন, “আপনি স্পিকার, আপনি সিদ্ধান্ত নিতেই পারেন।”
শোভনদেবও এই নিয়ে বলেন, “আমায় দু’তিন মিনিট বলতে দেওয়া হয়েছিল। তারপর লাল বাতি জ্বালিয়ে দিলেন। অস্বস্তি লাগছিল। আমি বর্ষিয়ান মন্ত্রী। পরিষদীয় মন্ত্রীও বটে। একটু তো ধৈর্য দেখাতে পারত। এই ধরনের কথাবার্তা আমার মোটেও ভাল লাগেনি। উনি যেমন স্পিকার আমিও তো মন্ত্রী। এইটুকু তো সম্মান দেবেন। যাই হোক পরে উনি এসেছিলেন আমার ঘরে।”







