বিদেশ

মাথায় সাদা ব্যান্ডেজে কালো কালিতে লেখা ছিল— ‘হাড় নেই, চাপ দেবেন না।’ – কেন এমন লেখা ছাত্রের মাথায়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) নগরীর পার্কভিউ হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইসমাঈল হোসেনের নেতৃত্বে অস্ত্রোপচারের মাধ্যমে ফ্রিজে সংরক্ষিত খুলির অংশটি পুনঃস্থাপন করা হয়। চিকিৎসকদের দাবি, মামুনের শারীরিক অবস্থা এখন ধীরে ধীরে উন্নতির দিকে।

মামুনের মাথার খুলি খুলে সংরক্ষণ করা হয়েছিল আগেই। মাথায় সাদা ব্যান্ডেজে কালো কালিতে লেখা ছিল— ‘হাড় নেই, চাপ দেবেন না।’ পার্কভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, কেউ যাতে ভুলবশত মাথায় হাত না দেন, সেই সতর্কবার্তাই লেখা হয়েছিল ব্যান্ডেজে।

এ ঘটনার আরেক আহত শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমতিয়াজ আহমেদও ধীরে ধীরে সেরে উঠছেন। বর্তমানে তিনি ফিজিওথেরাপি নিচ্ছেন। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর শরীরে ভাসকুলার ইনজুরি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ৩০ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের সামনে এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় সহিংসতা। টানা দুই দিন ধরে সংঘর্ষে অন্তত ৪০০ শিক্ষার্থী আহত হন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে মামুন ও ইমতিয়াজের মাথায় গুরুতর জখম হয়, তাঁদের তাৎক্ষণিক অস্ত্রোপচার করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।

বর্তমানে মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং চিকিৎসকেরা জানিয়েছেন, শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.