কাশ্মীর সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলোচনায় বসার প্রস্তাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। বুধবার পাকিস্তানের সিয়ালকোটের পাসরুর ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে তিনি এই প্রস্তাব দেন। ‘ডন’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শাহবাজ় সিন্ধু চুক্তি নিয়েও আলোচনার আহ্বান জানিয়েছেন।
পাসরুর ক্যান্টনমেন্টে পাক সেনার প্রশংসা করে শাহবাজ় বলেন, ভারতের সঙ্গে সংঘাতে তাঁদের জয় হয়েছে। যদিও ভারতীয় বিদেশ মন্ত্রক এই দাবিকে ‘পুরনো অভ্যাস’ বলে উড়িয়ে দিয়েছে। শাহবাজ় দাবি করেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পরে তাঁদের ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ সফল হয়েছে। এই প্রসঙ্গেই তিনি কাশ্মীর নিয়ে আলোচনার আহ্বান জানান। মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আসুন, এই আগুন আমরা নিভিয়ে ফেলি। একসঙ্গে বসে কাশ্মীর ও জল নিয়ে আলোচনা করি।”
ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে শাহবাজ় আরও বলেন, “আমরা যুদ্ধ ও আলোচনা, উভয়ের জন্যই প্রস্তুত। এবার সিদ্ধান্ত আপনাদের।” সিন্ধু চুক্তি স্থগিত রাখার প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নির্দেশ দেবেন না, জল বন্ধের চেষ্টাও করবেন না। জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না। আপনারা আমাদের নীলম-ঝিলম জলপ্রকল্পে আঘাত হেনেছেন। আঘাত তীব্র হলে আমরাও আপনাদের বড় বাঁধ ধ্বংস করতে পারতাম।”
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর ভারত সিন্ধু চুক্তি স্থগিত করে। ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দেয়, পাকিস্তান সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর আগে, কাশ্মীরের আলোচনায় আমেরিকার মধ্যস্থতার প্রস্তাব ভারত প্রত্যাখ্যান করেছিল।







