চিত্রসাংবাদিকতার জগতে শোকের ছায়া। খ্যাতনামা চিত্রসাংবাদিক রঘু রাই (Raghu Rai) আর নেই। পারিবারিক সূত্রের খবর অনুযায়ী, রবিবার ভোরে ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে ক্যামেরার লেন্সে ইতিহাসকে ধরে রাখা এই কিংবদন্তি আলোকচিত্রীকে হারিয়ে শোকস্তব্ধ শিল্প ও সাংবাদিক মহল। আজ বিকেল ৪টে নাগাদ দিল্লির লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মাত্র ২৩ বছর বয়সে দাদার অনুপ্রেরণায় চিত্রসাংবাদিকতার জগতে প্রবেশ করেন রঘু রাই। শুরু থেকেই তাঁর কাজ আলাদা মাত্রা পায়। তিনি বিশ্বাস করতেন, ক্যামেরার মাধ্যমে সময়কে ধরে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসকে পৌঁছে দেওয়াই একজন আলোকচিত্রীর প্রকৃত দায়িত্ব।
দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক ঐতিহাসিক মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন। ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায়, মাদার টেরেসা, দলাই লামার মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের অসংখ্য স্মরণীয় ছবি তুলেছেন তিনি। বিশেষভাবে আলোচনায় আসে ১৯৮৪ সালের ভোপাল গ্যাস বিপর্যয়ের হৃদয়বিদারক চিত্রমালা, যা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তাজমহল নিয়ে তাঁর কাজ আন্তর্জাতিক স্বীকৃতি পায়।
চিত্রসাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য ১৯৭২ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। তাঁর আলোকচিত্র শুধু ছবি নয়, বরং ইতিহাসের দলিল হিসেবে বিবেচিত হয়। সমালোচকদের মতে, রঘু রাইয়ের প্রতিটি ফ্রেমই নিজেই কথা বলত—তাই আলাদা ব্যাখ্যার প্রয়োজন পড়ত না।
তাঁর প্রয়াণে ভারতীয় ফটোজার্নালিজম এক অপূরণীয় ক্ষতির মুখে পড়ল।







