রাজনীতিরাজ্য

নির্বাচনের আগে বড় পদক্ষেপ! মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর আর থাকবে না রাজ্যের অধীনে

নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে বড়সড় প্রশাসনিক পদক্ষেপের নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরকে ‘স্বাধীন দফতর’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কমিশনের তরফে জানানো হয়েছে, বর্তমানে সিইও দফতর রাজ্যের অর্থ, স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরের অধীনস্থ অবস্থানে রয়েছে, যার ফলে প্রশাসনিক ও আর্থিক স্বশাসনের ঘাটতি তৈরি হয়েছে। এই ব্যবস্থা থেকে সরে এসে সিইও দফতরকে সম্পূর্ণ স্বাধীন ও রাজ্য প্রশাসনের প্রভাবমুক্ত করতে হবে। পাশাপাশি, সিইও দফতরের নিজস্ব প্রশিক্ষণ পরিকাঠামো গড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, সিইও পদাধিকারিক অতিরিক্ত মুখ্যসচিব (এসিএস) হলেও তিনি আর কোনও প্রিন্সিপাল সচিবের অধীন থাকবেন না। পাশাপাশি, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উপ, অতিরিক্ত ও যুগ্ম সিইও-র চারটি শূন্য পদ দ্রুত পূরণ করার নির্দেশও দেওয়া হয়েছে।

এই নির্দেশকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন যে, বিহারের মতোই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যে অনুপ্রবেশজনিত কারণে ভোটার তালিকায় ‘বিকৃতি’ ঘটেছে, তাই বাড়ি-বাড়ি সমীক্ষা এবং ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) প্রয়োজন।

প্রসঙ্গত, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ভিত্তিতেই সিইও দফতর রাজ্য সরকারের অধীনে নয়, বরং স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের অধীনেই কাজ করার কথা। সেই সংবিধানিক কাঠামোকেই আরও জোরদার করতেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.