কোহলি মানেই যেন সেঞ্চুরি! ফের নিজের চেনা ছন্দে ব্যাট হাতে শতরান করলেন ‘কিং’। ওয়ানডেতে এটি তাঁর ৫৫তম সেঞ্চুরি। আর আন্তর্জাতিক ক্রিকেটে মোট শতরানের সংখ্যা পৌঁছল ৮৬-তে। অর্থাৎ ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির ঐতিহাসিক নজির গড়তে আর প্রয়োজন মাত্র ১৪টি শতরান। এই কীর্তি এখনও পর্যন্ত একমাত্র রয়েছে শচীন তেণ্ডুলকরের দখলে। তবে কয়েক দিন আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই হতে চলেছে তাঁর শেষ বিশ্বকাপ। তাহলে কি তার আগেই ‘সেঞ্চুরির সেঞ্চুরি’ পূর্ণ করতে পারবেন বিরাট? হাতে আর কতগুলি ওয়ানডে রয়েছে তাঁর? নজর দেওয়া যাক সেই হিসাবেই।
২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে বসবে ওয়ানডে বিশ্বকাপ। অর্থাৎ কোহলির হাতে রয়েছে প্রায় এক বছর। বর্তমানে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি খেলছেন না। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেছেন। এই সিরিজে এখনও রয়েছে আরও দু’টি ওয়ানডে। এরপর ১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। কিউয়িদের দেশে এখনও পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলেছেন কোহলি। করেছেন ৫৯৬ রান, রয়েছে একটি শতরানও।
এরপর ডিসেম্বর মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ানডে রয়েছে। জানুয়ারিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে আরও তিন ম্যাচের সিরিজ। এখনও পর্যন্ত ঘোষিত সূচি অনুযায়ী, জানুয়ারি পর্যন্ত ভারতের জার্সিতে কোহলির সামনে রয়েছে মোট ১৩টি ওয়ানডে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং আইপিএল। সেই সময় জাতীয় দলের হয়ে কোহলিকে দেখা যাবে না। আইপিএলও মোটামুটি মে মাস পর্যন্ত চলবে।
এরপর জুন-জুলাইয়ে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ হওয়ার কথা। ভারত ফাইনাল পর্যন্ত গেলে কোহলি সর্বোচ্চ ছ’টি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন। অর্থাৎ বিশ্বকাপের আগে ঘোষিত সূচি অনুযায়ী মোটামুটি ১৯টি ওয়ানডে হাতে রয়েছে তাঁর।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে তখনও প্রায় তিন মাস সময় থাকবে। সেই সময় বিসিসিআই চাইলে আরও ওয়ানডে সিরিজ আয়োজন করতে পারে। বিশ্বকাপে ভারত অন্তত ১০টি ম্যাচ খেলার সুযোগ পাবে। সব মিলিয়ে কোহলির সামনে প্রায় ২৫ থেকে ৩০টি ওয়ানডে খেলার সম্ভাবনা তৈরি হচ্ছে। অবশ্য চোট বা অন্য কোনও কারণে ম্যাচের সংখ্যা কমতেও পারে।
পরিসংখ্যান বলছে, শেষ ১০টি ওয়ানডেতে কোহলি ইতিমধ্যেই চারটি শতরান করেছেন। ফলে আরও ১৪টি সেঞ্চুরি করতে পারলে পূর্ণ হবে ১০০ আন্তর্জাতিক শতরানের মাইলফলক। হাতে সম্ভাব্য ২৫-৩০টি ম্যাচ থাকায় এখন প্রশ্ন একটাই—বিশ্বকাপের মঞ্চেই কি ‘সেঞ্চুরির সেঞ্চুরি’ পূর্ণ করতে পারবেন বিরাট?






