ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচটি ব্রিসবেনের গাব্বায় শুরু হলেও বৃষ্টির কারণে বারবার খেলা বন্ধ হচ্ছে। প্রথম দিনে অস্ট্রেলিয়া ১৩.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান করেছে। দিনের দ্বিতীয় সেশনে খেলা শুরু হলেও মেঘলা আবহাওয়া ও ভেজা মাঠের কারণে খেলায় বিঘ্ন ঘটেছে।
ভারত টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক রোহিত শর্মা জানান, গাব্বার পিচে খানিকটা ঘাস থাকার কারণে পেসারদের সাহায্য পাওয়ার সুযোগ রয়েছে। তবে, বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় এবং বল সেভাবে মুভ না করায় ভারতীয় পেসাররা সুবিধা নিতে পারেননি। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ শুরুর ওভারগুলোতে ধারাবাহিক লাইন-লেংথ বজায় রাখলেও অস্ট্রেলিয়ার উসমান খাজা ও নাথান ম্যাক্সউইনি দৃঢ়তার সঙ্গে ব্যাট চালিয়ে যাচ্ছেন।







