অফবিট

পালং দেখলেই মুখ ভার? এই কায়দায় পরোটা বানালে বায়না ভুলে চেটেপুটে খাবে খুদেরা

বাচ্চার খাবারে সবুজ শাকসবজি রাখা নিয়ে কমবেশি সব বাড়িতেই চিন্তা থাকে। বিশেষ করে পালং শাক দেখলেই যদি খুদের মুখটা কুঁচকে যায়, তাহলে সাধারণ তরকারির বদলে একটু অন্যভাবে পরিবেশন করেই দেখুন। পালং শাক মিশিয়ে তৈরি করা যায় এমন এক মুচমুচে পরোটা, যা টিফিন কিংবা বিকেলের জলখাবার—দুই সময়েই জমে যাবে।

পালং শাকে থাকা পুষ্টিগুণের সঙ্গে আটার পুষ্টি মিলিয়ে তৈরি এই পরোটা বানাতেও খুব বেশি ঝামেলা নেই। চাইলে পালং শাক মিহি করে কেটে ব্যবহার করতে পারেন। আবার হালকা সেদ্ধ করে পিউরি বানিয়ে আটার সঙ্গে মিশিয়েও নেওয়া যায়। পিউরি ব্যবহার করলে পরোটার মধ্যে পালংয়ের স্বাদও খুব বেশি তীব্র হয় না।

পালক পরোটা বানাতে যা লাগবে

২ কাপ গমের আটা

দেড় কাপ পালং শাকের পিউরি

আধ চা চামচ জোয়ান

আধ চা চামচ ভাজা জিরের গুঁড়ো

আধ চা চামচ চাট মশলা বা আমচুর

২টি কাঁচালঙ্কা কুচি

আধ ইঞ্চি আদা কুচি বা গ্রেট করা

১ টেবিল চামচ বেসন

১ চা চামচ তেল বা ঘি

স্বাদমতো নুন

পরোটা সেঁকার জন্য ঘি বা মাখন

কীভাবে বানাবেন?

প্রথমে একটি বড় পাত্রে আটা ও বেসন নিন। তার মধ্যে পালং শাকের পিউরি, জোয়ান, ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা বা আমচুর, আদা, কাঁচালঙ্কা, ঘি এবং নুন দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন।

পালং পিউরিতে এমনিতেই জল থাকে, তাই শুরুতেই অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই। মিশ্রণটি ভালোভাবে মাখতে শুরু করুন। প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিয়ে নরম মণ্ড তৈরি করে নিন। এরপর মণ্ডটি কিছুক্ষণ ঢেকে রেখে দিন।

এবার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে শুকনো আটা ছড়িয়ে গোল করে পরোটা বেলে নিন। গরম তাওয়ায় পরোটা দিয়ে দু’পিঠ হালকা করে সেঁকে নিন। এরপর সামান্য ঘি বা মাখন লাগিয়ে মাঝারি আঁচে দু’পিঠ ভালোভাবে সেঁকে নিন।

পরোটার দু’পিঠ সুন্দর সোনালি ও মুচমুচে হয়ে গেলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন দই, মাখন কিংবা টমেটো কেচাপের সঙ্গে।

বিকেলের টিফিন হোক কিংবা স্কুলের টিফিন বক্স—এই পালক পরোটা খুদের খাবারের তালিকায় বেশ সহজেই জায়গা করে নিতে পারে। আর পালং শাক নিয়ে যে মুখ ভার, সেটাও হয়তো আর থাকবে না!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.