মাসিক চক্র নিয়মিত না হওয়া, অতিরিক্ত ব্যথা, সংক্রমণ বা পিসিওএস— নারীদের নানা শারীরিক সমস্যার পেছনে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন আধুনিক চিকিৎসকেরা। তাঁদের মতে, খাবারের তালিকায় মাত্র কয়েকটি ছোট্ট বদলই উল্লেখযোগ্যভাবে কমাতে পারে ঋতুস্রাব-সংক্রান্ত কষ্ট, হরমোনের ওঠানামা এবং বারংবার যোনি-সংক্রমণের ঝুঁকি।
এইমসের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: বৈশালী শর্মা জানান, সামান্য ডায়েট মডিফিকেশনই শরীরে হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনতে কার্যকর হতে পারে। বিশেষত পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস)–এ আক্রান্ত নারীদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে গেলে ডিম্বাশয়ে সিস্ট তৈরি হয় এবং ঋতুচক্রে অস্থিরতা দেখা দেয়। ডা: শর্মার পরামর্শ, প্রতিদিন এক চা-চামচ তিসির গুঁড়ো খাবারের সঙ্গে মিশিয়ে খেলে ইস্ট্রোজেন নিয়ন্ত্রণে সাহায্য হয়, ফলে ঋতুস্রাব নিয়মিত হতে পারে।
অন্যদিকে, অতিরিক্ত রক্তক্ষরণ বা দীর্ঘদিন ধরে অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দিলে শাকসব্জির পরিমাণ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পালং, মেথি, থোর বা মোচার মতো শাকসব্জিতে থাকা আয়রন রক্তের মাত্রা বাড়িয়ে শরীরকে আরও সক্ষম করে তোলে।
প্রতিদিনের খাদ্যতালিকায় টকদইও রাখতে বলছেন বিশেষজ্ঞরা। দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের পাশাপাশি নারীদের জননাঙ্গের মাইক্রোবায়োমকেও সুরক্ষা দেয়, ফলে ইস্ট বা ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের ঝুঁকি কমে।
ঋতুস্রাবজনিত ব্যথা ও প্রদাহ কমাতে কার্যকর হলুদও। কারকিউমিনযুক্ত হালকা গরম হলুদ-দুধ ব্যথা উপশমে সহায়ক বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। বাদাম, আখরোট, চিনেবাদাম, তিসি বা চিয়া বীজের মতো স্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ খাবারও হরমোনের স্বাভাবিক ক্রিয়ায় সহায়তা করে।
চিকিৎসকদের বক্তব্য, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস রক্ষা করতে পারলেই নারীদের হরমোনসংক্রান্ত অধিকাংশ সমস্যাই অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।







