দেশ

হরিদ্বারে পুণ্যস্নানের স্বপ্ন অধরাই! ভয়াবহ পথ দুর্ঘটনায় গাড়িতে আগুন, মৃত্যু ৫ তীর্থযাত্রীর

তীর্থযাত্রার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁরা। গন্তব্য ছিল হরিদ্বার। কিন্তু পুণ্যভূমিতে পৌঁছনোর আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরপ্রদেশের মুজফফরনগরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। এরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, হরিয়ানা থেকে হরিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। সোমবার (৯ নভেম্বর) ভোররাতে মুজফফরনগরের তিতাবি থানা এলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। দ্রুতগতিতে ডিভাইডারে ধাক্কা মারার পর গাড়িটি রাস্তায় উল্টে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। ভিতরে থাকা যাত্রীরা বেরিয়ে আসার সুযোগ পাননি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। তবে ততক্ষণে পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত প্রত্যেকেই হরিয়ানার জিন্দ জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে ১০ থেকে ১২ বছর বয়সি একটি শিশুও রয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গাড়িটির গতিবেগ কত ছিল এবং কীভাবে চালক নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

একসঙ্গে পাঁচজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায়। হরিদ্বারে পৌঁছে তীর্থযাত্রা করার স্বপ্ন আর পূরণ হল না যাত্রীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.