সকালে অন্যান্য দিনের মতোই হাসিমুখে স্কুলে গিয়েছিল দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। কিন্তু দুপুরে আচমকাই স্কুল থেকে ফোন আসে পরিবারের কাছে। জানানো হয়, স্কুল চত্বরেই গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে তাঁদের মেয়ে। পরে মৃত্যু হয় ওই ছাত্রীর। ঘটনাটি দিল্লির শাহদরা জেলার কৃষ্ণনগর এলাকার। শুক্রবার দুপুরে সর্বোদয় কন্যা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্কুলের নিরাপত্তারক্ষীর ঘরের পিছন থেকে ওই ছাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, পেট্রল বা ওই ধরনের কোনও দাহ্য পদার্থ নিজের গায়ে ঢেলে আগুন লাগিয়েছিল সে।
তবে কী কারণে ওই ছাত্রী এমন চরম পদক্ষেপ নিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমে ছাত্রীর স্কুলব্যাগ থেকে তিন পাতার একটি লিখিত নোট উদ্ধার করেছে পুলিশ। স্কুলের শিক্ষকদের দাবি, ব্যাগের ভিতর আরও কিছু সন্দেহজনক সামগ্রীও পাওয়া গিয়েছে। যদিও সেগুলি ঠিক কী, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
ছাত্রীর দিদি জানিয়েছেন, সেদিন সকালে স্কুলে যাওয়ার সময় তাঁর বোনকে স্বাভাবিক এবং হাসিখুশিই দেখাচ্ছিল। তাঁর কথায়, ‘‘কী হয়েছিল, তা আমি জানি না। দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ স্কুল থেকে আমাদের ফোন করা হয়।’’
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের ক্রাইম টিম। ঘটনাস্থল পরীক্ষা করার পাশাপাশি বিভিন্ন নমুনা ও গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহ করেন তদন্তকারীরা। ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল এবং এর নেপথ্যে কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ। ঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।







