দেশ

‘প্রতিবেশীদের জন্যই বেঁচে কাশ্মীরিরা’, ফারুকের মন্তব্যে বিতর্ক, পাল্টা তোপ বিজেপির

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জম্মু-কাশ্মীরের একাধিকবারের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বারামুল্লার একটি সভায় দাঁড়িয়ে কাশ্মীরিদের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন ন্যাশনাল কনফারেন্সের প্রধান। তাঁর বক্তব্যকে ঘিরে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ফারুকের মন্তব্য কার্যত বিচ্ছিন্নতাবাদী শক্তির সুরকেই প্রশ্রয় দিচ্ছে।

সম্প্রতি বারামুল্লার সভায় ফারুক বলেন, বিভিন্ন জায়গায় গিয়ে কাশ্মীরের হয়ে কথা বলছেন প্রতিবেশী দেশের প্রতিনিধিরা। তাঁর দাবি, সেই কারণেই জম্মু-কাশ্মীরের মানুষ এখনও টিকে রয়েছেন। কেন্দ্রীয় সরকারের মনোভাব কাশ্মীরিদের প্রতি মোটেই ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফারুকের বক্তব্য, আন্তর্জাতিক মহলের চাপ না থাকলে কাশ্মীর নিয়ে কেন্দ্রের কাছ থেকে ভালো কিছু আশা করা কঠিন। তিনি বলেন, দিল্লির কাছে ন্যায়বিচারের প্রত্যাশা না করে কাশ্মীরিদের নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করার মানসিকতা তৈরি করতে হবে। তা না হলে তাঁদের অস্তিত্বই সংকটের মুখে পড়বে বলে দাবি করেন ন্যাশনাল কনফারেন্স প্রধান।

তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফারুকের বক্তব্যে কার্যত পাকিস্তানের ভূমিকার প্রশংসা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। বিজেপি নেতা রবীন্দ্র রায়না বলেন, নিয়ন্ত্রণরেখার ওপারে থাকা কাশ্মীরিদের পরিস্থিতি দেখলেই বোঝা যাবে পাকিস্তান তাদের কতটা ভালো রেখেছে। তাঁর দাবি, ৩৭০ ধারা বিলোপের পর ভারতের অধীনে জম্মু-কাশ্মীরে উন্নয়ন হয়েছে এবং উপত্যকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

রবীন্দ্র রায়নার আরও বক্তব্য, এই বাস্তবতা অনেকেরই পছন্দ হচ্ছে না। তাঁর দাবি, ফারুক আবদুল্লার মতো প্রবীণ নেতার এই ধরনের মন্তব্যের জন্য দেশদ্রোহিতার মতো আইনি পদক্ষেপও হতে পারে।

ফারুকের মন্তব্য ঘিরে এখন প্রশ্ন উঠছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং একাধিক গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বে থাকা একজন নেতা কীভাবে এমন বক্তব্য রাখতে পারেন। বিরোধীদের অভিযোগ, স্থানীয় রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য এই ধরনের মন্তব্য শেষ পর্যন্ত ভারতবিরোধী শক্তির হাতেই অস্ত্র তুলে দেয়। তবে ফারুক আবদুল্লা আদৌ রাজনৈতিক কৌশল হিসেবে এই মন্তব্য করেছেন, নাকি উপত্যকায় অসন্তোষ উসকে দেওয়ার উদ্দেশ্য রয়েছে, তা নিয়েই তৈরি হয়েছে নতুন জল্পনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.