পুরসভা নির্বাচনের ফলাফল বলছে, আম আদমি পার্টি কার্যতই উড়িয়ে দিয়েছে পদ্ম শিবিরকে। ১৫ বছর পর এমসিডি হাতছাড়া বিজেপির। রাজধানীতে পুরসভা দখল করল আম আদমি পার্টি। আর এই জয়ের জন্য দিল্লির মানুষকে আন্তরিক ধন্যবাদ জানালেন অরবিন্দ কেজরিওয়াল। জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাগরিকদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘আই লাউ ইউ টু।’
উল্লেখ্য, ১৯৫৮ সালে গঠিত হয়েছিল দিল্লি পুরনিগম। একদশক আগে সেই পুরনিগম তিনভাগে খণ্ডিত হয়। তবে চলতি বছরে ফের একবার জুড়ে যায় তিনটি পুরনিগম। আবার ২৫০ ওয়ার্ড বিশিষ্ট অবিভক্ত দিল্লি পুরনিগম গঠিত হয়। আজ সেই পুরনিগমের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। ভোটগণনার শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল ছিল বিজেপি এবং আম আদমি পার্টি।
আপের এই উত্থানে অবশ্য বিজেপির মতোই ধাক্কা খেয়েছে কংগ্রেস। দিল্লির বুকে কংগ্রেস বলতে গেলে নিশ্চিহ্ন হয়ে গেল। সংসদে দিল্লি থেকে কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই, বিধানসভায় নেই, পুরনিগমেও মোটে জনা দশেক কাউন্সিলর পড়ে রইলেন।







