‘রাজ্যবাসীর দুর্ভাগ্য যে, রাজ্য সরকারের বিন্দুমাত্র লজ্জা বলে কিছু নেই। আদালতের যা পর্যবেক্ষণ সামনে আসছে তাতে মনে হচ্ছে ওয়েবসাইটেই কোনও কারচুপি করা হয়েছিল। রোল নম্বর পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল বলেও তথ্য সামনে আসছে। সরকার তথা শাসক দল দুর্নীতিকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। চুরি যে এত নৈপুণ্যতার সঙ্গে করা সম্ভব তা তৃণমূল কংগ্রেসের থেকেই শিখতে হয়। ভবিষ্যতের চোরেদের কাছে তৃণমূল কংগ্রেস আদর্শ।’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঢাকি-মন্তব্যে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত উল্লেখ্য, সাড়ে ৪২ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি দেন অভিজিত্ গঙ্গোপাধ্যায়। ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের কড়া হুঁশিয়ারি। সঙ্গে বিচারপতির উবাচ, ‘ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’ যদিও ‘ঢাকি’ বলতে তিনি কাকে বা কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়টি পরিষ্কার করেননি।
২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে মামলা করেন ১৪০জন অ-প্রশিক্ষিত প্রার্থী। তাঁদের দাবি, সেই সময়কার নিয়ম অনুযায়ী অ-প্রশিক্ষিতদের নিয়োগ করা যেত। প্রায় ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রার্থী ২০১৬ র নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপত্র পান।







