নবদম্পতি সমান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরুর দ্বিতীয় বিয়ে ঘিরে যখন সোশ্যাল মিডিয়া সরগরম, ঠিক সেই সময়েই সমালোচনার কেন্দ্রে উঠে এলেন নাগ চৈতন্যের বর্তমান স্ত্রী, অভিনেত্রী শোভিতা ধূলিপালা। কারণ—সমান্থার বিয়ের ২৪ ঘণ্টাও না পেরোতেই গত বছর নাগের সঙ্গে তাঁর বিয়ের অদেখা ভিডিও ও ছবিগুলি প্রকাশ্যে আনলেন শোভিতা। আর তাতেই নেটিজেনদের একাংশের দাবি, বিষয়টি সম্পূর্ণই “টাইমিং-এর খেলা”।
গত বছরের ৪ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নাগ ও শোভিতা। তবে তাঁদের বিয়ের কোনও ভিডিয়ো বা বিশেষ মুহূর্ত এত দিন কোথাও শেয়ার করেননি অভিনেত্রী। চলতি বছরের একই দিনে প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে হঠাৎই সেই সব স্মৃতি ভাগ করে নেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়।
প্রথম বার্ষিকীর বার্তায় শোভিতার আবেগঘন লেখায় স্পষ্ট তাঁর ভালবাসার গভীরতা। তিনি লেখেন, “ঠিক যেন সূর্যকে প্রদক্ষিণ করে এল একটা দমকা হাওয়া—যাকে আমি স্বামী বলি। তাঁর সঙ্গে আগুনের তাপে পুড়ে নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছি। প্রথম বছরের শুভেচ্ছা।” আরও জানান, নাগ ছাড়া তিনি নিজেকে সম্পূর্ণ মনে করেন না; একে অপরেই নাকি তাঁরা পরিপূর্ণতা খুঁজে পেয়েছেন।
যদিও অনুরাগীদের একাংশ তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিলেও, সোশ্যাল মিডিয়ার আরেক অংশের তোপের মুখে পড়েছেন শোভিতা। তাঁদের অভিযোগ—সমান্থার বিয়ে হতেই হঠাৎ এত আবেগঘন পোস্ট? নেটিজেনদের মতে, এই ভিডিও প্রকাশ যে কাকতালীয় নয়, তা “ইঙ্গিতপূর্ণ মনোভাবের”ই বহিঃপ্রকাশ। অনেকেই শোভিতাকে ‘হিংসুটে’ বলেও সমালোচনা করেছেন।
তবে শোভিতার ঘনিষ্ঠ মহলের দাবি, দিনটি তাঁদের কাছে আবেগের; কাকতালীয়ভাবে এটি সমান্থার বিয়ের ঠিক পরেই হলেও এর সঙ্গে কোনও নেতিবাচক উদ্দেশ্য জড়িত নয়। তবু বিতর্ক থামার নাম নেই। সোশ্যাল মিডিয়া এখন ভাগ হয়েছে দুই শিবিরে—শোভিতার সমর্থন ও সমালোচনায়।







