রাজ্য

ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্নীতির তদন্তে নয়া মোড়, এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে

ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে তদন্তে নতুন মোড়। এবার তদন্তকারীদের নজরে ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়ে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তলব করেছে কলকাতা পুলিশ। তদন্তকারীদের দাবি, ‘আই এসকেপ’ এবং ‘মায়রা’ নামে দুটি সংস্থার মালিকানা রয়েছে তাঁর নামে। ওই দুই সংস্থার আর্থিক লেনদেন এবং মালিকানা সংক্রান্ত তথ্য জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

দুর্গাপুজোকে কেন্দ্র করে ইউনেস্কোর নাম ব্যবহার করে কীভাবে অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই টাকা কোন পথে কোথায় পৌঁছেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কলকাতা পুলিশের পাশাপাশি এই মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্থের উৎস এবং বিভিন্ন সংস্থার মধ্যে লেনদেনের যোগসূত্র খুঁজে বের করাই তদন্তের অন্যতম লক্ষ্য।

ইডির প্রেস বিবৃতিতেও উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর দাবি। তদন্তকারী সংস্থার বক্তব্য অনুযায়ী, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন একটি সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা গিয়েছিল। যদিও এই লেনদেনের প্রকৃতি ও প্রেক্ষাপট নিয়ে তদন্তের বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

অন্যদিকে, এই মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও অব্যাহত। সম্প্রতি মুখ্যমন্ত্রীও ইন্দ্রনীল সেনের প্রসঙ্গ তুলে রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন। পাশাপাশি ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে নতুন করে সরব হয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

এদিকে, এই মামলায় ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ বলে পরিচিত ধ্রুবজ্যোতি বসুর একটি আবেদনের শুনানি আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে হওয়ার কথা। ফলে তদন্তের পরবর্তী পদক্ষেপ এবং ইন্দ্রনীল-কন্যাকে জিজ্ঞাসাবাদের পর কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.