চাকরি

রাজ্য পুলিশের শীর্ষপদে নিয়োগ, UPSC-কে তালিকা পাঠানোর নির্দেশ

রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল নিয়োগ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনে অবশেষে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এবার সেই নির্দেশেই, আগামী শুক্রবারের মধ্যেই রাজ্য সরকারকে সম্ভাব্য DGP-দের নামের তালিকা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে পাঠাতে হবে। যেই তালিকা নিয়ে আগামী ২৮ শে জানুয়ারি বৈঠকে বসবে UPSC। আলোচনার পর ২৯ শে জানুয়ারি একটি সম্ভাব্য চূড়ান্ত তালিকা নবান্নে পাঠাবে কমিশন।

রাজ্য পুলিশের শীর্ষপদ ঘিরে জটিলতার সূত্রপাত হয় প্রাক্তন DGP মনোজ মালব্যর অবসরের পর। ২০২৩ সালের ২৮ শে ডিসেম্বর তিনি অবসর নিয়েছেন। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত DGP হিসেবে দায়িত্ব দেওয়া হয় রাজীব কুমারকে, যাঁর অবসর হওয়ার কথা রয়েছে ৩১ শে জানুয়ারি। তবে স্থায়ী DGP নিয়োগের প্রক্রিয়া শুরু না হওয়ায় বিষয়টি ক্রমশ আইনি জটিলতায় জড়িয়ে পরে।UPSC-র দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কোনও DGP অবসর নেওয়ার অন্তত ৩ মাস আগে রাজ্য সরকারকে পরবর্তী স্থায়ী DGP-র জন্য প্রস্তাবিত নামের তালিকা পাঠাতে হয়। সেই নিয়ম মেনে ২০২৩-এর সেপ্টেম্বরের মধ্যেই তালিকা পাঠানো উচিত ছিল বলে মত কমিশনের। অথচ রাজ্য সরকার তা পাঠায় দেড় বছর পরে, ২০২৫-এর জুলাই মাসে। যার ফলেই রাজ্যের পাঠানো তালিকা ফেরত পাঠিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেয় UPSC।

২০২৫ সালের জুলাইয়ে পাঠানো তালিকায় রাজীব কুমার, রাজেশ কুমার ও রণধীর কুমারের নাম ছিল। এই তালিকা নিয়ে গত অক্টোবর মাসে UPSC বৈঠক করলেও কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। কমিশনের তরফে বারবার প্রশ্ন তোলা হয়, কেন ২০২৩ সালে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে এত দেরিতে তালিকা পাঠানো হল। এই পরিস্থিতিতে IPS অফিসার রাজেশ কুমারের দায়ের করা মামলায় হস্তক্ষেপ করে CAT। ট্রাইব্যুনাল স্পষ্ট নির্দেশ দিয়েছে, মনোজ মালব্য অবসর নেওয়ার সময় যেসব IPS আধিকারিকের অন্তত ৬মাস চাকরির মেয়াদ ছিল। তাঁদের সকলের নামই রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। CAT-এর এই নির্দেশে রাজ্য পুলিশের নতুন DGP নিয়োগ নিয়ে অচলাবস্থার অবসান ঘটার আশা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.