কলকাতা

৩৭ ঘণ্টা পর যাদবপুরে ছাত্র সংঘর্ষ নিয়ে এফআইআর, গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের ঘটনায় অবশেষে এফআইআর দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবারই উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, গত দু’দিনের ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ জানানো হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ দায়ের করতে দেরি হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষ পর্যন্ত ঘটনার প্রায় ৩৭ ঘণ্টা পর শুক্রবার সকালে যাদবপুর থানায় এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি, ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয়।

উপাচার্য জানিয়েছিলেন, ১৯ ও ২০ অগস্টের ছাত্র সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তৈরি করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির তিন সদস্যই অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে রয়েছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আরও এক আধিকারিক।

যাদবপুর থানায় দায়ের করা অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ১২টার পর কয়েকজন বহিরাগত বিশ্ববিদ্যালয় চত্বরে ঢোকে। অভিযোগ, তারা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সিসিটিভি ভাঙচুর করে। এরপর অরবিন্দ ভবনের কোলাপসেবল গেটের সামনে আগুন ধরানোর চেষ্টা করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক ভাঙচুরের অভিযোগও এফআইআরে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, প্রতীকী ফলক ভাঙার ঘটনার প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কর্মবিরতি শুরু করেছেন অধ্যাপকদের একাংশ। বাংলা বিভাগের অধ্যাপক রাজেশ্বর সিনহা বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁর কথায়, এটি তদন্তের ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ। সিসিটিভি ফুটেজ তদন্তের আওতায় এলে প্রকৃত দোষীদের চিহ্নিত করা সম্ভব হবে। তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্র দোষী প্রমাণিত হলেও তাঁর শাস্তি হওয়া উচিত, আবার ঘটনায় বাইরের কেউ যুক্ত থাকলেও তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

ফলক ভাঙার ঘটনাতেও পৃথক তদন্তের দাবি জানিয়েছেন রাজেশ্বর সিনহা। তাঁর দাবি, বিষয়টি নিয়ে বিচারবিভাগীয় তদন্ত করা হোক এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.