শিক্ষকদের জনগণনার কাজে ব্যবহার নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্কুলের পঠনপাঠন এবং জনগণনার দায়িত্ব—দুইয়ের মধ্যে সমন্বয় কীভাবে হবে, তা স্পষ্ট করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। ফলে এবার থেকে শিক্ষকদের সেনসাস ডিউটি দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, জনগণনা দফতর কোনও শিক্ষককে কাজে নিতে চাইলে আগে থেকেই তাঁকে কোন দিন, কত সময় এবং কোথায় দায়িত্ব পালন করতে হবে, তা স্পষ্ট করে জানাতে হবে। সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে স্কুলের পঠনপাঠন কোনওভাবেই বন্ধ না হয়।
তবে কোনও শিক্ষককে যে সময়ের জন্য জনগণনার কাজে দায়িত্ব দেওয়া হবে, সেই সময় তাঁকে স্কুলের শিক্ষকতার দায়িত্ব পালন করতে হবে না। ওই নির্দিষ্ট সময়ের সেনসাসের কাজই তাঁর সরকারি ডিউটি হিসেবে গণ্য হবে।
একইসঙ্গে আদালত স্পষ্ট জানিয়েছে, জনগণনার কাজে যাঁদের দায়িত্ব দেওয়া হবে, তাঁরা সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। অর্থাৎ নির্দিষ্টভাবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সেনসাসের কাজ করতেই হবে।
এর আগে রাজ্য সরকারের একটি নির্দেশিকা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। সেখানে বলা হয়েছিল, স্কুলের পঠনপাঠনে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তাই স্কুলের সময়ের পরে কিংবা সপ্তাহান্তে শিক্ষকদের দিয়ে জনগণনার কাজ করানো যেতে পারে। কিন্তু এই নির্দেশ বাস্তবে কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।
আদালতের পর্যবেক্ষণ ছিল, স্কুল ছুটির পর শিক্ষকরা যদি অন্য জায়গায় গিয়ে সেনসাসের কাজ করেন, তাহলে তাঁদের বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যেতে পারে। সেই পরিস্থিতিতে শিক্ষকদের উপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কাও ছিল।
এরই মধ্যে পুরনো নির্দেশিকা প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল শিক্ষা দফতর। নতুন ব্যবস্থায় জনগণনার দায়িত্ব পালনকেও শিক্ষকদের অন-ডিউটি হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে।
ফলে হাইকোর্টের শুক্রবারের নির্দেশের পর বিষয়টি আরও স্পষ্ট হল—জনগণনার দায়িত্ব যেমন পালন করতে হবে, তেমনই স্কুলের স্বাভাবিক পঠনপাঠনও চালু রাখতে হবে। নির্দিষ্ট সময়ের দায়িত্বে থাকা শিক্ষককে সেই সময় সেনসাসের কাজ করতে হবে, আর স্কুলে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।







