কলকাতা

পুরনিয়োগ দুর্নীতি তদন্তে ইডির নজরে মদন মিত্রের পরিবার, তলব স্ত্রী ও দুই পুত্রকে

এর আগে মদন মিত্রের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কামারহাটির বিধায়কের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ২২ ও ২৩ জুলাই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মদন মিত্রের স্ত্রী ও তাঁর দুই পুত্রকে।

কামারহাটি পুরসভার নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে আগেই মদন মিত্রের নাম উঠে এসেছিল। জুন মাসে ভবানীপুর, দক্ষিণেশ্বর-সহ তাঁর একাধিক বাড়িতে তল্লাশি চালায় ইডি। তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনে মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলের নাম উঠে এসেছে। সেই কারণেই তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তবে মদনের দুই পুত্রবধূকে এখনও তলব করা হয়নি। উল্লেখ্য, কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন তাঁর কনিষ্ঠ পুত্রবধূ মেঘনা মিত্র।

এর আগেও, গত বছরের অক্টোবরে একই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। এছাড়া নারদ মামলাতেও তিনি অভিযুক্ত। ফলে এবার পরিবারের সদস্যদের ইডির সমন ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন নজর তদন্তকারী ও রাজনৈতিক মহলের।

কর্মিসভায় চাকরি নিয়ে কী বলেছিলেন মদন?

২০১১ সালে প্রথমবার কামারহাটি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন মদন মিত্র। ২০১৬ সালে পরাজিত হলেও ২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফের জয় পান তিনি। কামারহাটির সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক রয়েছে। গত বছরের জুনে কামারহাটিতে তৃণমূলের একটি কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেছিলেন, উপস্থিত কর্মীদের অন্তত ৪০ শতাংশ তৃণমূলের উদ্যোগে চাকরি পেয়েছেন। নিজের বক্তব্যের দায়িত্ব নিয়ে তিনি বলেন, “আমি মদন মিত্র বলছি।” এরপর যাঁরা এখনও চাকরি পাননি, তাঁদের প্রসঙ্গ টেনে তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, তাঁদের মুখের দিকেও একবার তাকিয়ে দেখতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.