মধ্যরাতে নির্মাণ শ্রমিকদের হাতে আক্রান্ত ইন্টার্ন চিকিত্সকরা।ঘটনাটি ঘটেছে খাস কলকাতার নীলরতন সরকার হাসপাতালে।
এনআরএস হাসপাতালের একাংশে নির্মাণের কাজ চলছে। তাই স্বাভাবিকভাবেই সেখানে শ্রমিকরা রয়েছেন। সূত্রের খবর, মঙ্গলবার রাতে কয়েকজন ইন্টার্ন ডাক্তার ওই নির্মীয়মাণ বিল্ডিংয়ে গিয়ে ঘোরাঘুরি করছিলেন। সেই সময়ই হঠাৎ কথায় কথায় তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নির্মাণ শ্রমিকরা। সেই সময়ই শ্রমিকরা জুনিয়র ডাক্তারদের মারধর করে শ্লীলতাহানিও করে বলে অভিযোগ।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এন্টালি থানার পুলিশ। রাতেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিশ। আজ,সেই অভিযুক্তদের আদালতে তোলা হবে।
এনআরএস হাসপাতালে নিয়মিত দূরদূরান্তের বহু রোগী আসেন পরিবারের সদস্যদের সাথে। যাদের অনেকেই হাসপাতালে থেকে যান। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বর সহ রোগীদের মনে।







