দলীয় পরিচয়েও রেহাই নেই! রাস্তার উপর গাড়ি পার্কিং করায় এবার নিজের দলের নেতাকেই কড়া ভাষায় সতর্ক করলেন বিজেপি বিধায়ক মানব গুহ। প্রকাশ্যেই জানিয়ে দিলেন, ফের একইভাবে গাড়ি রাখা হলে পুলিশ চাকার উপর কাঁটা লাগিয়ে দেবে। তাতেও কাজ না হলে খুলে নেওয়া হবে চাকা। এমনকী, দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পূর্ব বর্ধমানের মেমারির এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
ঘটনার সূত্রপাত গত ৩০ অক্টোবর। মেমারি স্টেশন রোডের নিউ মার্কেট এলাকায় স্বচ্ছতা অভিযান চালাচ্ছিল মেমারি পুলিশ। সেই অভিযানে সামিল হয়েছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক মানব গুহ। শহরের যানজট নিয়ন্ত্রণ, বেআইনি পার্কিং বন্ধ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
অভিযানের সময় একটি দোকানের সামনে রাস্তার উপর দাঁড় করানো চারচাকা গাড়ি দেখে ক্ষুব্ধ হন বিধায়ক। খোঁজ নিয়ে জানা যায়, গাড়িটি বিজেপির মেমারি নগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ধারার। গাড়িতে বিজেপির যুব মোর্চার বোর্ডও লাগানো ছিল। এরপরই গাড়ির মালিককে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দেন মানব গুহ। তাঁর বক্তব্য, রাস্তার উপর এভাবে গাড়ি রাখা চলবে না। ফের এমন ঘটনা ঘটলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এমনকী, দোকান বন্ধ করে দেওয়ার কথাও বলেন তিনি।
তবে বিধায়কের হুঁশিয়ারিতে পিছিয়ে আসেননি শ্যামল কুমার ধারা। তাঁর পাল্টা দাবি, বর্ধমানে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য গাড়িটি দোকানের সামনে রাখা হয়েছিল। এতে এমন কী অন্যায় হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি নেতা, মন্ত্রী ও বিধায়কদের গাড়ি কোথায় পার্ক করা হয়, সেই প্রশ্নও তুলেছেন।
এ দিন শুধু গাড়ি নয়, রাস্তার উপর রাখা একাধিক মোটরবাইক সরানোর নির্দেশ দেন বিধায়ক। নিয়ম না মানলে ৫০০ টাকা জরিমানা দিয়ে থানা থেকে বাইক ছাড়াতে হবে বলেও সতর্ক করেন। অন্যদিকে, একটি দোকানের আবর্জনা নর্দমায় পড়ে থাকতে দেখে দোকান মালিককে দিয়েই তা পরিষ্কার করান তিনি।
বেআইনি পার্কিং ও শহরের পরিচ্ছন্নতা নিয়ে প্রশাসনের এই তৎপরতার মাঝেই দলের নেতাকে বিধায়কের প্রকাশ্য হুঁশিয়ারি ঘিরে মেমারিতে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।







