জেলা

উত্তরাখণ্ডে তুষারঝড়ে নিখোঁজ ৮ ট্রেকার, পাঁচজনই বাঁকুড়ার! দু’দিন পরও মেলেনি সন্ধান

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ তুষারঝড়ের মধ্যে পড়ে নিখোঁজ হয়ে গেলেন একই দলের আট সদস্য। তাঁদের মধ্যে পাঁচজনই বাঁকুড়ার বাসিন্দা। গত ৩০ অক্টোবর দলের চার শেরপা এবং এক সহকারী কোনওরকমে গন্তব্যে পৌঁছে বাকিদের নিখোঁজ হওয়ার খবর দেন। এরপর থেকেই হিমালয়ের দুর্গম এলাকায় হেলিকপ্টার নিয়ে শুরু হয়েছে লাগাতার তল্লাশি। কিন্তু দু’দিন কেটে গেলেও এখনও নিখোঁজদের কোনও সন্ধান পাওয়া যায়নি। সময় যত এগোচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে বাঁকুড়ার পাঁচ পরিবারের।

নিখোঁজদের মধ্যে রয়েছেন বাঁকুড়ার শালবনী গ্রামের তাপস বাউরি, রতন ঘোষ, রিন্টু মণ্ডল এবং উদয় ঘোষ। পঞ্চম ব্যক্তি মনোজ খাওয়াস কেশরা গ্রামের বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে দু’জন উত্তরপ্রদেশের লখনউ এবং অপরজন উত্তরাখণ্ডের উত্তরকাশির বাসিন্দা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শেরপা ও সহকারী-সহ মোট ১২ জনের একটি দলের গঙ্গোত্রী থেকে কেদারতাল পর্যন্ত ট্রেকিংয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। নির্ধারিত সময়েই গঙ্গোত্রীর বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেন তাঁরা। কিন্তু পথে প্রায় ৪ হাজার মিটার উচ্চতায় আচমকাই তীব্র তুষারঝড়ের মুখে পড়ে দলটি। এরপরই আট সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

৩০ অক্টোবর চার শেরপা ও এক সহকারী কোনওক্রমে গন্তব্যে পৌঁছে গোটা ঘটনার কথা জানান। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে নামে উত্তরাখণ্ড সরকার। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে গত দু’দিন ধরে দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালাচ্ছে। তবে উচ্চ হিমালয়ে প্রতিকূল আবহাওয়া উদ্ধার অভিযানে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখনও পর্যন্ত নিখোঁজ আটজনের কোনও হদিশ মেলেনি।

তাপস বাউরির বাবা লালমোহন বাউরি জানান, শনিবার ফোন করে ছেলে বলেছিল, কয়েকদিন ফোনে যোগাযোগ করা সম্ভব হবে না। যে জায়গায় রয়েছে, সেখান থেকে অন্যত্র যাওয়ার জন্য বেরোচ্ছে বলেও জানিয়েছিল। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। থানার তরফেও এসে তল্লাশির কথা জানানো হয়েছে। লালমোহনের কথায়, তাঁর ছেলে একটি কারখানায় কাজ করত। এর আগে বেড়াতে পাহাড়ে এবং নেপালেও গিয়েছিল, তবে ট্রেকিংয়ের বিশেষ শখ ছিল বলে তিনি জানতেন না।

তাপসের দিদি কবিতা বাউরি বলেন, গত সোমবার ভাইয়ের সঙ্গে তাঁর শেষবার কথা হয়েছিল। পুজো দিতে বাড়িতে আসবেন বলে ভাইকে ফোন করেছিলেন তিনি। তখন তাপস জানিয়েছিল, সে বাইরে রয়েছে এবং বাবাকে বিষয়টি জানিয়ে দেবে। ফোন রাখার আগে ভাই তাঁকে ভাল থাকার কথাও বলেছিল। এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি। ফোনে বারবার সুইচড অফ দেখাচ্ছে। খবর পেয়ে তিনি ছুটে বাড়িতে এসেছেন। পরিবারের দাবি, হোটেল থেকেও তাঁদের কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে।

রিন্টু মণ্ডলের কাকা কার্তিক মণ্ডল জানান, আতঙ্কে পরিবারের কারও ঘুম হচ্ছে না। বাঁকুড়ায় বসে তাঁরা কী করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। বিডিও এবং জেলাশাসকের দফতরের তরফে লোকজন এসে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। কার্তিকের কথায়, রিন্টু খুব বেশি পাহাড়ে যেত না। তবে ৩-৪ বার বেড়াতে গিয়েছিল। এখনও ভাল খবরের আশায় রয়েছে পরিবার।

রিন্টুর দাদা সিন্টু মণ্ডল বলেন, বাড়ি থেকে বেরোনোর সময় রিন্টু জানিয়েছিল কয়েকদিন ফোনে পাওয়া যাবে না। সোমবারই তাঁর সঙ্গে শেষবার কথা হয়। পরিবারের এক সদস্যের নাতি হওয়া নিয়েও সেদিন কথা হয়েছিল। উত্তর ভারত ঘুরতে গিয়েছিল রিন্টু। এর আগেও সে সেখানে গিয়েছে। শনিবার থেকে নিখোঁজ রয়েছে বলে পরে জানতে পারেন তাঁরা। গ্রাম থেকে চারজন নিখোঁজ হওয়ায় পরিবারের সদস্যরা এবার উত্তরাখণ্ডের উদ্দেশে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, রতন ঘোষের বাবা ভোলানাথ ঘোষের কণ্ঠে আক্ষেপ। ছেলেকে যাওয়ার আগে নিষেধ করেছিলেন তিনি। এমনকি নবমীর দিন এই বিষয়টি নিয়ে বাড়িতে ঝামেলাও হয়েছিল। কিন্তু বাবার কথা শোনেনি রতন। ফলে যাত্রার দিন ছেলের মুখও দেখতে পারেননি তিনি। সোমবার পুলিশ এসে রতনের নিখোঁজ হওয়ার খবর দেয় বলে জানিয়েছেন ভোলানাথ। তবে এরপর আর কোনও বিস্তারিত তথ্য তাঁদের জানানো হয়নি।

এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের উদ্ধার অভিযানের দিকেই তাকিয়ে রয়েছেন বাঁকুড়ার পাঁচ পরিবার। প্রিয়জনরা নিরাপদে ফিরে আসবেন—এই আশাতেই উদ্বেগের মধ্যে দিন কাটছে তাঁদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.