মুর্শিদাবাদ: জমি সংক্রান্ত বিবাদের জেরে ঘুমন্ত কাকাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন ভাইপো। এই নৃশংস হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত ইউনুস শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।
ঘটনাটি ২০২৩ সালের ১১ অক্টোবর রাতের। রাত প্রায় ১১টা নাগাদ খড়গ্রাম থানা এলাকার বাসিন্দা মজারুল শেখ স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, সেই সময় ঘরে ঢুকে পড়ে তাঁর ভাইপো ইউনুস শেখ। জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে ঘুমন্ত অবস্থাতেই কাকার গলায় এলোপাথাড়ি হাঁসুয়ার কোপ চালায় সে। স্বামীর রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন স্ত্রী। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
গুরুতর জখম অবস্থায় মজারুল শেখকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর মৃতের মেয়ে সালমা খাতুন খড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তে নেমে প্রথম তদন্তকারী আধিকারিক সাব-ইন্সপেক্টর ভবতারণ পাল অভিযুক্তকে গ্রেফতার করেন। পরবর্তীতে দ্বিতীয় তদন্তকারী আধিকারিক সাব-ইন্সপেক্টর বলরাম মণ্ডল প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত ইউনুস শেখকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে এই ঘটনার বিস্তারিত জানানো হয়েছে।







