বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার অভিযোগে গ্রেফতার হলেন দমদমের এক যুবক। ধৃতের নাম রজত সিং। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন টিম বুধবার রাতে কলকাতা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে পরিচিতদের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে আলাপ হয় রজতের। অভিযোগ, প্রথম থেকেই বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন তিনি। সময়ের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলেও পরে বিয়ে করতে অস্বীকার করেন অভিযুক্ত। এরপরই দু’জনের সম্পর্কে অশান্তি শুরু হয়।
ভুক্তভোগী তরুণীর দাবি, দীর্ঘদিন প্রতারণার শিকার হওয়ার পর অবশেষে দেড় মাস আগে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ জমা পড়তেই গা-ঢাকা দেন রজত। এরপর থেকেই শুরু হয় পুলিশের তল্লাশি।
অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কলকাতার একটি এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। যদিও গ্রেফতারের পর নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রজত সিং।
বৃহস্পতিবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছেন অভিযোগকারিণী ও তাঁর পরিবার।







