চুরির শাস্তি বিদ্যুতের শক! ঘটনা সন্তোষপুর এলাকার । জানা গিয়েছে , এক কারখানায় চুরির অপবাদ দিয়ে , এক নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয় । এই ঘটনায় এবার মুম্বাই থেকে গ্রেফতার মূল অভিযুক্ত শাহেনশাহ । একসাথে তিনটি থানার পুলিশ খোঁজ চালিয়ে গ্রেফতার করে শাহেনশাহকে । তার সঙ্গে গ্রেফতার করা হয় আরো ২ জনকে , যার ফলে , এবার এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো ৫ ।
চলতি সপ্তাহের প্রথম দিকে , একটি কারখানার ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫) সমাজ মাধ্যমে ভাইরাল হয় ।ভাইরাল ভিডিওয় দেখা যায়, এক নাবালককে চুরির অপবাদ দিয়ে , তাকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হচ্ছে। ভিডিওর ভয়াবহতায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে রাজ্যে । এই ঘটনাটি নিয়ে তৎপর হয় রাজ্য শিশু সুরক্ষা কমিশনও।
জানা গিয়েছে, যে নাবালককে বিদ্যুতের শক দেওয়া হচ্ছিল , তিনি ইসলামপুরের বাসিন্দা। তার পরিবারকে ৮-১০ হাজার টাকার তোপ দিয়ে তাকে কারখানার কাজের জন্য নিয়ে আসা হয় । তাকে কাজের জন্য এনেছিলেন মূল অভিযুক্ত শাহেনশাহ। সন্তোষপুরের ওই কারখানায় কাজ করতেন নাবালক ও তার দাদা ।
উল্লেখ্য , ঘটনার দিন , অত্যাচার করা হয় নাবালকের দাদার ওপরেও । কিন্তু তাকে পরে ছেড়ে দেওয়া হয় বলে খবর । কিন্তু মারধরের পর থেকেই নিখোঁজ নাবালক । জানা গিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদে একজন ধৃত জানিয়েছেন , মারধর করার পর ওই কারখানা থেকে পালিয়ে গিয়েছে নাবালক, কিন্তু অপর ধৃতের দাবী মারধরের পর ওই নাবালককে অন্যত্র নিয়ে যাওয়া হয়। তবে কোথায় নিয়ে যাওয়া হয়েছে , তা ওই ধৃত নির্দিষ্ট ভাবে কিছু বলতে পারছে না বলেই খবর। তবে এবার শাহেনশাহকে গ্রেফতারের পর ওই নাবালকের খোঁজ মিলবে বলে পুলিশের আশা রয়েছে।







