জনগণনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে রাজ্যে শুরু হতে চলেছে জনগণনার কাজ। ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ নিজেরাই অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ এবার থাকছে সেলফ এনুমারেশনের সুবিধা। পুরো প্রক্রিয়া চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত।
মুখ্যমন্ত্রী জানান, এই প্রথমবার রাজ্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে। তাঁর কথায়, “জনগণনা একটি সাংবিধানিক দায়িত্ব। অনুপ্রবেশের কারণে রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন এসেছে। তবে এর সঙ্গে ধর্ম বা রাজনীতির কোনও যোগ নেই।” পাশাপাশি পূর্ববর্তী সরকারকেও কটাক্ষ করে তিনি বলেন, “আগের সরকারের একগুঁয়েমির কারণেই আমরা এতদিন পিছিয়ে ছিলাম।”
আগেই ইঙ্গিত মিলেছিল যে আগস্ট মাস থেকেই জনগণনার কাজ শুরু হতে পারে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হচ্ছে বিশেষ হেল্পলাইন নম্বর। দেশজুড়ে ব্যবহৃত নম্বর ১৮৫৫-এর পাশাপাশি চালু হচ্ছে ল্যান্ডলাইন নম্বর ০৩৩-২৩৩৫ ৯৫০৩। এছাড়াও জনগণনা সংক্রান্ত তথ্যের জন্য খোলা হচ্ছে ওয়েবসাইট— [www.westbengal.census.gov.in।](http://www.westbengal.census.gov.in।)
জনগণনা নিয়ে মানুষের মধ্যে যে নানা প্রশ্ন ও উদ্বেগ রয়েছে, সে বিষয়েও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলায় শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। তারপর আর এই প্রক্রিয়া এগোয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে অনুপ্রবেশের ফলে যেভাবে জনসংখ্যার চিত্র বদলেছে, তাতে জনগণনা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।”







