বাংলাদেশে অস্থির পরিস্থিতির রেশ এখনও কাটেনি। যার জেরে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। বাংলাদেশে তৈরি হওয়া পরিস্থিতিতে পরবর্তী পর্যায়ে কী ব্যবস্থা নেওয়া হবে সেই প্রসঙ্গে মঙ্গলবার একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, ডিজি রাজীব কুমার ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।
উল্লেখ্য, গত সোমবার শেখ হাসিনা দেশ ছাড়তেই সীমান্তে হাই অ্যালার্ট জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশের অরাজকতা যাতে সীমান্তের এপারে প্রভাব ফেলতে না পারে তাই সুনির্দিষ্ট নির্দেশও আসে দিল্লি থেকে। পাশাপাশি, সীমান্তবর্তী জেলাগুলির আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর হয় রাজ্য সরকার।
সূত্রের খবর, রাজ্যের সমস্ত সীমান্তবর্তী জেলার পুলিসকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফে। বিশেষ করে, দূরবর্তী জেলাগুলি থেকে যেন নিয়মিত পরিস্থিতি নিয়ে রিপোর্ট আসে সেই বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয়।







