দেশের যুবসমাজের জন্য বড় কর্মসংস্থানের বার্তা। শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০তম রোজগার মেলায় দেশের ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। দেশের ৪৫টি জায়গায় এই মেলার আয়োজন করা হয়। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি সময়ে তরুণরা কেন্দ্রীয় সরকারের কাজে যোগ দিচ্ছেন, যখন ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। সেই লক্ষ্য পূরণে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের উন্নয়ন ও আত্মনির্ভরতার পথকে আরও শক্তিশালী করতে প্রতিটি সিদ্ধান্তে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মোদী বলেন, দেশে উৎসবের মরসুম শুরু হয়েছে। তার মধ্যেই ৫১ হাজারের বেশি তরুণ-তরুণীর সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে শুধু চাকরিপ্রার্থীদের নয়, তাঁদের পরিবারের জীবনেও নতুন আনন্দ এসেছে।
নবনিযুক্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সাফল্যের পিছনে শুধুমাত্র নিজেদের পরিশ্রম নয়, বাবা-মা এবং পরিবারের অবদানও রয়েছে। তাই এই সাফল্যের জন্য তরুণদের পাশাপাশি তাঁদের পরিবারকেও অভিনন্দন জানান তিনি। একইসঙ্গে দেশের যুবসমাজের উপর অন্য তরুণদের জন্য ইতিবাচক ভূমিকা রাখার বিশেষ দায়িত্ব রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
ভারতের স্টার্টআপ ক্ষেত্রের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। মোদী জানান, বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। এই সাফল্য আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের স্বীকৃত স্টার্টআপগুলির প্রায় অর্ধেকই এখন টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলিতে গড়ে উঠেছে।
ব্রিকসের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি ব্রিকস শীর্ষ সম্মেলন হয়েছে। ব্রিকসের সহযোগিতা যাতে শুধুমাত্র বিভিন্ন দেশের সরকারের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তার জন্য ভারত উদ্যোগী হয়েছে। উদ্যোক্তা, কৃষক, মহিলা এবং যুবসমাজকেও এই অংশীদারিত্বের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যেই ‘ব্রিকস কানেক্ট’ এবং ‘ব্রিকস এমএসএমই কো-অপারেশন পোর্টাল’-এর মতো উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তরুণদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও কেন্দ্রের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, গত কয়েক বছর ধরে পরিবর্তনশীল অর্থনীতির চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশের যুবসমাজকে প্রস্তুত করার উপর জোর দিয়েছে সরকার। জাতীয় শিক্ষা নীতি, স্কিল ইন্ডিয়া মিশন এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে শিক্ষা ও দক্ষতাকে কর্মসংস্থানের উপযোগী করে তোলার চেষ্টা চলছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রোজগার মেলার মাধ্যমে প্রায় ১২ লক্ষ ৭৫ হাজার যুবক-যুবতীর চাকরির সুযোগ তৈরি হয়েছে।
যে ক্ষেত্রগুলিতে নিয়োগের সুযোগ মিলেছে—
* রাজস্ব বিভাগ: আয়কর এবং শুল্ক/জিএসটি শাখায় নিয়োগ।
* রেল মন্ত্রক: টেকনিক্যাল ক্যাডার, পরিচালন, স্টেশন ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সংক্রান্ত পদে নিয়োগ।
* স্বরাষ্ট্র মন্ত্রক: সিএপিএফ-এর বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি-সহ বিভিন্ন বাহিনী এবং দিল্লি পুলিশের কর্মী পদে নিয়োগ।
* স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক: কারিগরি কর্মী, নার্সিং অফিসার এবং প্রশাসনিক সহকারী পদে নিয়োগ।
* আর্থিক পরিষেবা বিভাগ: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বিভিন্ন সরকারি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ।
* প্রতিরক্ষা মন্ত্রক: প্রতিরক্ষা উৎপাদন, ক্যান্টনমেন্ট বোর্ড এবং বিভিন্ন বেসামরিক ক্যাডারের পদে নিয়োগ।







