পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ঘিরে সাম্প্রতিক উত্তেজনার আবহেই ফের রক্তাক্ত হল পাকিস্তান। ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছে ৫ জন, আহত কমপক্ষে ২৫ জন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে। জানা গিয়েছে, একটি বিয়েবাড়িকে লক্ষ্য করেই এই আত্মঘাতী হামলা চালানো হয়, যার জেরে মুহূর্তের মধ্যেই আনন্দের অনুষ্ঠান পরিণত হয় শোকসভায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠান চলাকালীনই বিস্ফোরণটি ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে ছড়িয়ে পরে আতঙ্ক, রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায় বহু অতিথিকে। দ্রুত উদ্ধারকাজ শুরু করে পাক প্রশাসন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। এই ঘটনার নেপথ্যে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে পাকিস্তান সরকার। পাক প্রশাসনের দাবি, সম্প্রতি সময় আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় টিটিপি’র হামলার মাত্রা বেড়েছে। কিছুদিন আগেই সীমান্ত এলাকায় টিটিপি হামলায় ৪ পাক পুলিশকর্মী প্রাণ হারিয়েছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশেষজ্ঞ মহলের মতে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ, টিটিপি’র সক্রিয়তার। পাশাপাশি বালোচ বিদ্রোহীদের সঙ্গে পাক সেনার সংঘর্ষ সব মিলিয়ে গোটা অঞ্চলটি এখন প্রবল অস্থিরতার মধ্যে রয়েছে। এই আবহেই বিয়েবাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
ক্রমাগত হামলার জেরে আমজনতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক মহলের একাংশের মত, সীমান্তে অস্থিরতা নিয়ন্ত্রণে না আনলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে।







