মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। একাধিক গুরুত্বপূর্ণ আসনে ডেমোক্র্যাটদের জয় ঘিরে এখন চর্চা তুঙ্গে। কেন এই বিপর্যয়? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ইরানের সঙ্গে সংঘাত এবং তার জেরে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ভোটের ফলাফলে। এমনকী, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সও নির্বাচনে খারাপ ফলের পিছনে ইরান যুদ্ধের প্রভাবের কথা উল্লেখ করেছেন। তবে পরাজয়ের পরেও নিজের সিদ্ধান্ত নিয়ে অনড় ট্রাম্প। তাঁর বক্তব্য, একই পরিস্থিতি তৈরি হলে ফের একই পদক্ষেপ করতেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে যুদ্ধই কি নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের অন্যতম কারণ? উত্তরে তিনি বলেন, বিষয়টি অনেকাংশেই সত্যি। তাঁর মতে, ইরান সংঘাতের কারণে স্বল্পমেয়াদে পেট্রোলের দাম কিছুটা বেড়েছে। তবে সেই কারণেই নিজের সিদ্ধান্ত বদলানোর কোনও ইচ্ছা নেই তাঁর। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আবার একই পরিস্থিতি তৈরি হলে তিনি একই সিদ্ধান্ত নেবেন।
এর আগে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স দাবি করেছিলেন, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করা বহু ভোটারই ইরান সংঘাত নিয়ে অসন্তুষ্ট। তাঁদের একাংশের সমর্থন হারানোর প্রভাব পড়েছে মধ্যবর্তী নির্বাচনে।
নির্বাচনের ফলাফল নিয়ে অবশ্য সমাজমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প। তাঁর দাবি, ব্যালটে তাঁর নাম ছিল না। থাকলে তিনি বিপুল ভোটে জয়ী হতেন। অর্থাৎ দলের পরাজয়ের দায় নিজের উপর নিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর সমাজমাধ্যমে একটি লাল টুপির ছবি পোস্ট করেছেন ট্রাম্প। তাতে লেখা ছিল ‘VETO’। মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের হাতে কংগ্রেসে পাস হওয়া কোনও বিলে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পোস্টের মাধ্যমে নিজের সাংবিধানিক ক্ষমতার কথাই মনে করিয়ে দিতে চেয়েছেন তিনি।
সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের ফল ট্রাম্পের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, কংগ্রেসে বিরোধীদের শক্তি বাড়লে তাঁর বাকি দু’বছরের শাসনকাল আরও কঠিন হয়ে উঠতে পারে।







