বিদেশ

ভোরের ঝাঁকুনিতে আতঙ্কিত টোকিও, আহত ২৩! কেঁপে উঠল জাপানের বিস্তীর্ণ এলাকা

রবিবার ভোরে আচমকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। তীব্র কম্পন অনুভূত হয় টোকিও-সহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায়। জাপান আবহাওয়া সংস্থার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অবশ্য কম্পনের মাত্রা ৫.৮ বলে জানিয়েছে।

ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ ইবারাকি অঞ্চলে, ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে। প্রবল ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে একাধিক এলাকায়। প্রশাসনের হিসাবে, সাইতামা, কানাগাওয়া, চিবা এবং ইবারাকি মিলিয়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন। তাঁদের অধিকাংশের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন। আচমকা বিছানা কেঁপে ওঠায় আতঙ্কে উঠে পড়তে গিয়ে অনেকে পড়ে যান। আবার কেউ আসবাবপত্র বা দরজায় ধাক্কা খেয়ে আহত হয়েছেন। কানাগাওয়ার ইয়োকোহামায় আশির কোঠার এক বৃদ্ধা বিছানা থেকে পড়ে কোমরে চোট পেয়েছেন বলেও জানা গিয়েছে।

কম্পনের প্রভাব পড়ে পরিবহণ ব্যবস্থাতেও। টোকিও ও নারিতা বিমানবন্দরের মধ্যে চলাচলকারী এক্সপ্রেস ট্রেন-সহ বেশ কিছু লোকাল ট্রেন দেরিতে চলেছে। তবে শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা স্বাভাবিক ছিল।

ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে জাপান সরকার। টোকিওর কোতো ওয়ার্ডে একটি ভূগর্ভস্থ জলের পাইপ ফেটে রাস্তায় জল বেরিয়ে আসে। সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকশো বাড়িতে। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

তবে স্বস্তির খবর, এই ভূমিকম্পের পর সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। একইসঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলির নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। টোকিও-সহ বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে পৌঁছে যায় জরুরি ভূমিকম্প সতর্কবার্তা। একের পর এক ভূমিকম্পের ঘটনায় ফের জাপানজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.