রাজনীতি

তোলাবাজি করলে বিজেপিতে জায়গা নেই, কড়া বার্তা সুকান্তের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ১০০ দিন পেরিয়ে গেলেও দলের অন্দরে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করল বিজেপি নেতৃত্ব। দলের নেতা-কর্মীদের উদ্দেশে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্তের স্পষ্ট বার্তা, বিজেপির সঙ্গে থেকে তোলাবাজি বা দুর্নীতির মাধ্যমে উপার্জন কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, বিজেপিতে রাজনীতি করে ‘খাওয়ার’ কোনও সংস্কৃতি নেই। কারও উদ্দেশ্য যদি তোলাবাজি করে উপার্জন করা হয়, তাহলে তাঁর জন্য অন্য রাজনৈতিক দল বেছে নেওয়াই ভালো।

দলের কর্মীদের উদ্দেশে সুকান্তের বার্তা, প্রয়োজনে দুর্নীতির অভিযোগে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ করা হবে। একইসঙ্গে সাধারণ মানুষকেও আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, কোনও বিজেপি নেতা বা কর্মী দাদাগিরি কিংবা ভয় দেখালে সরাসরি পুলিশের কাছে অভিযোগ করতে হবে। নেতা যত বড়ই হোন, অভিযোগ সত্যি হলে দল তাঁর পাশে দাঁড়াবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল থেকে আসা কিছু ‘নব্য বিজেপি’ নেতা-কর্মী দলের নাম ব্যবহার করে তোলাবাজি ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। এই ধরনের অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলের অন্দরে কড়া বার্তা দেওয়া হয়েছে। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে রাজ্য বিজেপি সম্প্রতি প্রায় ২৫০ জনকে সাসপেন্ড করেছে বলেও দাবি করা হয়েছে।

সরকারে আসার আগে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সেই অবস্থান বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধেও যে একই নিয়ম প্রযোজ্য হবে, সুকান্তের বক্তব্যে সেই বার্তাই আরও একবার স্পষ্ট হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.