রাজনীতি

কংগ্রেসে প্রত্যাবর্তনের জল্পনা! সনিয়ার প্রস্তাবে কি নতুন রাজনৈতিক সমীকরণে মমতা?

কংগ্রেস ছেড়ে একসময় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি আবার তাঁর পুরনো রাজনৈতিক ঠিকানায় ফেরা হতে চলেছে? তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েনের আবহে এমনই জল্পনা রাজনৈতিক মহলে ক্রমশ জোরদার হচ্ছে। সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতির পদ গ্রহণের প্রস্তাব দিয়েছেন সনিয়া গান্ধী।

প্রায় তিন দশক পরে কি কংগ্রেসে ফিরবেন মমতা? তাঁর হাতেই গড়া তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও উঠছে নানা প্রশ্ন। সূত্রের খবর, সম্প্রতি সনিয়া গান্ধীর সঙ্গে একান্ত বৈঠকের পরই মমতার কাছে এই প্রস্তাব পৌঁছেছে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সাধারণ সম্পাদক করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। জানা গিয়েছে, এই বিষয়ে উদ্যোগী হয়েছেন রাহুল গান্ধী।

এই সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপের নেপথ্যে একটি গুরুত্বপূর্ণ কারণের কথাও উঠে আসছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে কয়েকজন লোকসভা সাংসদ আলাদা গোষ্ঠী তৈরি করে নিজেদের প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে দাবি করতে পারেন বলে জল্পনা রয়েছে। রাজ্যসভার কিছু সদস্যও দল ও পদ ছাড়ার পথে হাঁটছেন বলে খবর। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাধিক বিধায়ক পৃথক সংগঠন গড়ার চেষ্টা করছেন বলেও রাজনৈতিক সূত্রের দাবি। এমন পরিস্থিতিতে দলীয় প্রতীক ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে। সেই সম্ভাবনা এড়াতেই কি নতুন রাজনৈতিক কৌশল নেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আসলে ভিতরে কী আলোচনা হয়েছে, তা স্পষ্ট নয়। তাই এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করা কঠিন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রা যেহেতু কংগ্রেস থেকেই শুরু হয়েছিল, তিনি যদি সেখানে ফিরে যান, তাহলে সেটাকে এক ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তন বলাই যায়।”

কংগ্রেসের বর্তমান নেতৃত্ব ও কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য প্রত্যাবর্তন কীভাবে নেবেন, সেই প্রশ্নও উঠছে। এ বিষয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য, “সেটা সম্পূর্ণ কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়। বর্তমান পরিস্থিতিতে তারা কী সিদ্ধান্ত নেবে, তা তাদেরই বিবেচনার বিষয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.