কলকাতা

আর নেই ‘ওয়েটিং’র ঝক্কি! টিকিট বুকিংয়ে বড় বদল আনছে রেল, কী এই নতুন ক্যাপিং ব্যবস্থা?

দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে গিয়ে ‘ওয়েটিং লিস্ট’ এখন যেন নিত্যদিনের মাথাব্যথা। টিকিট কাটার পরেও অনিশ্চয়তা—মেলে কি না নিশ্চিত আসন, এই দুশ্চিন্তায় থাকে হাজারো যাত্রী। অথচ কয়েক বছর আগে রেলমন্ত্রক ঘোষণা করেছিল, ভবিষ্যতে আর কোনও ওয়েটিং থাকবে না! কিন্তু বাস্তবে পরিস্থিতির বদল হয়নি, বরং দালাল চক্রের দৌরাত্ম্যে যাত্রীরা পড়েছেন আরও বিপাকে।

এই সমস্যা রুখতেই এবার বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে টিকিট বুকিংয়ে চালু হচ্ছে ‘ক্যাপিং ব্যবস্থা’। কী এই ক্যাপিং?

রেল জানিয়েছে, মেল ও এক্সপ্রেস ট্রেনের ‘জেনারেল কোটা’ অনুযায়ী সংরক্ষিত আসনের নির্দিষ্ট সীমার ২৫ শতাংশের বেশি ওয়েটিং টিকিট আর ইস্যু হবে না। সহজ কথায়, ধরুন কোনও ট্রেনে জেনারেল কোটা অনুযায়ী ১০০টি আসন রয়েছে। তখন সর্বোচ্চ ২৫টি ওয়েটিং টিকিট ইস্যু করা হবে। সেই সংখ্যা পেরোলেই অনলাইন-অফলাইন সব বুকিং সিস্টেমে দেখাবে “No Room” বা “খালি আসন নেই”।

এই নিয়ম তৎকাল বুকিংয়ের ক্ষেত্রেও কার্যকর হবে। তবে যদি কেউ কনফার্ম টিকিট বাতিল করেন, সেক্ষেত্রে সেই ২৫টি ওয়েটিং টিকিট থেকেই যাত্রীদের টিকিট কনফার্ম হবে। টিকিটের চাহিদা বেশি হলে অতিরিক্ত বগিও জুড়তে পারে বলে জানিয়েছে রেল।

এই নতুন ব্যবস্থা চালুর ফলে ওয়েটিং নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে দালালদের দৌরাত্ম্যেও লাগাম পড়বে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এবার টিকিট কাটার সময় আপনি ঠিকই জানবেন—সিট আছে না নেই!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.