জেলা

পুরুলিয়ায় জালে ধরা পড়ল রহস্যময় ‘আমেরিকান ইল’, চাঞ্চল্য জেলাজুড়ে

লক্ষ্মীবারের দুপুর। ঘড়ির কাঁটায় ১টা ৪৬। মুষলধারে না হলেও টানা বৃষ্টিতে ভিজে একাকার শরীর। পুরুলিয়া ১ নম্বর ব্লকের টামনা থানা এলাকার তারা ড্যামে তখন জল উপচে পড়ছে দু’ধারে। সেই জলের ধারা যেখানে গিয়ে মিলেছে নিচের জোড়ে, সেই ২০ ফুট উঁচু ঝুঁকিপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে জাল ফেলছিলেন কয়েকজন স্থানীয় মৎস্যপ্রেমী। সেই মুহূর্তে হঠাৎই এক অদ্ভুত আকৃতির মাছ ধরা পড়তেই হইচই পড়ে যায়।

জানা যায়, চাঁদরাডি গ্রামের বিকাশ গোপের জালেই ধরা পড়ে এই অচেনা মাছটি। দেখতে লম্বাটে, সাপের মতো গঠন। আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দি হতেই ছবিটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পুরুলিয়া মৎস্য দপ্তর জানিয়েছে, এটি একেবারে আমেরিকান ইল — যা সাধারণত উত্তর আমেরিকার নদী ও সমুদ্রতটে দেখা যায়।

এই মাছ নোনা জলে ডিম পাড়ে, তবে বড় হয়ে ওঠে মিষ্টি জলে। নিশাচর স্বভাবের এই মাছটি ঘ্রাণের উপর ভরসা করেই শিকার খুঁজে বেড়ায়। সর্বভুক এই প্রজাতি নানা রকম জলজ প্রাণী, পোকামাকড় এমনকি ঝিনুকও খায়।

মৎস্য দপ্তরের সহ-অধিকর্তা পিয়াল সর্দার জানিয়েছেন, “ছবি দেখে নিশ্চিত, এটা আমেরিকান ইল। তবে এখানে এল কীভাবে, সেটাই এখন বড় প্রশ্ন।”

বিশ্বজুড়ে এই মাছের সংখ্যা দ্রুত কমছে, চলছে সংরক্ষণের চেষ্টা। তবে পুরুলিয়ার মতো জায়গায় এই বিরল প্রজাতির দেখা মেলার ঘটনায় রীতিমতো রহস্যের গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, তদন্তে এর পেছনের আসল গল্প কী উঠে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.