কলকাতা

মহাকরণের পিছনে বহুতলে ভয়াবহ আগুন, রাতভর তৎপরতা দমকলের, ফের জ্বলল নীচের তলা

কলকাতার বিবাদী বাগ এলাকায় মহাকরণ সংলগ্ন একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাত থেকে শুরু হওয়া আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ দমকলের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও সোমবার সকালে নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। বহুতলের বিভিন্ন অংশ থেকে বের হচ্ছে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা।

জানা গিয়েছে, বহুতলের চারতলায় অবস্থিত একটি অফিসে প্রথম আগুন লাগে। অফিসের ভিতরে কম্পিউটার-সহ একাধিক বৈদ্যুতিন সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র থাকায় সেগুলির অনেকটাই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। খবর পেয়ে রাত থেকেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। একাধিক ইঞ্জিনের সাহায্যে শুরু হয় আগুন নেভানোর কাজ।

ভোরের দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এলেও বিভিন্ন জায়গায় ছোট ছোট আগুনের উৎস বা পকেট ফায়ার রয়ে যায়। দমকলকর্মীরা সেগুলি সম্পূর্ণ নেভানোর চেষ্টা করছিলেন। কিন্তু তার মধ্যেই বহুতলের নীচের একটি অংশে নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। ফলে ফের পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

প্রাথমিকভাবে অনুমান, অফিসের ভিতরে থাকা দাহ্য সামগ্রীর কারণে আগুন বারবার ছড়িয়ে পড়ছে। বহুতলের সামনের দিকে ধোঁয়ার পরিমাণ তুলনায় কম থাকলেও পিছনের অংশ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে সেখান থেকেই আগুনের শিখা বের হতে শুরু করে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন। বহুতলের ভিতর ও বাইরে, দু’দিক থেকেই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন যাতে অন্য অংশে ছড়িয়ে না পড়ে, সেদিকেও বিশেষ নজর রাখছেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.