বলিউড সিনেমা ‘কেশরী: চ্যাপ্টার ২’-এ ইতিহাস বিকৃতির অভিযোগে গর্জে উঠল বাংলার জাতীয় সংগঠন বাংলা পক্ষ। শনিবার কলকাতার বাংলা একাডেমি সংলগ্ন রানুছায়া মঞ্চে এই বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ সভা করল তারা।
সিনেমায় বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর নাম বিকৃত করে দেখানো হয়েছে ‘ক্ষুদিরাম সিং’, প্রফুল্ল চাকীর অস্তিত্বই নেই। ইতিহাসবিদ্ধ প্রেক্ষাপটে কিংসফোর্ড হত্যাচেষ্টার বোমা তৈরির গুরু হেমচন্দ্র কানুনগোর বদলে দেখানো হয়েছে ‘কৃপাণ সিং’ নামে কাল্পনিক চরিত্র। এছাড়াও ‘বারীন্দ্র কুমার’ নামে এক চরিত্রকে দেখানো হয়েছে, যিনি আসলে বারীন্দ্র ঘোষ—অরবিন্দ ঘোষের ভাই এবং মানিকতলা বোমা মামলার অন্যতম অভিযুক্ত।
বাংলা পক্ষর দাবি, এই বিকৃতি শুধু বাঙালির গৌরবের প্রতি নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাসের প্রতি চূড়ান্ত অবমাননা।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতির কটাক্ষ, “অক্ষয় কুমার কাদের স্বার্থে এই ইতিহাস বিকৃতি করেন, তা বলিউড ও বিজেপির ইতিহাস মুছতে চাওয়ার চক্রান্তেরই অংশ।”
শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি, “ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেবে বাংলা পক্ষ।”
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সৌম্য বেরা, কুশনাভ মন্ডল, প্রবাল চক্রবর্তী-সহ একাধিক জেলা নেতৃত্ব ও শিল্পী পক্ষর সদস্যরা।
বাংলা পক্ষের সাফ বার্তা—“ক্ষুদিরামকে অপমান মানে বাঙালিকে অপমান। ইতিহাস বিকৃতি চলবে না। এবার অক্ষয় কুমারকে ক্ষমা চাইতেই হবে।”







