আমেরিকার মিডটার্ম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বড়সড় ধাক্কা। রিপাবলিকানদের জেতাতে বিপুল অর্থ ঢেলেও শেষরক্ষা করতে পারলেন না ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর এবার মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য এবং সরকারি ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি তাঁর বিরুদ্ধে তদন্তের দাবিও জোরালো হচ্ছে। ফলে রাজনৈতিক মহলে চর্চা, ট্রাম্পের পর এবার কি বিপাকে পড়তে চলেছেন মাস্কও?
রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী প্রচারে প্রায় ৪৭০ কোটি ডলার নয়, ৪৭৪ মিলিয়ন ডলার খরচ করেছিলেন মাস্ক বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। এর বড় অংশই ব্যয় হয়েছিল টেক্সাসে। কিন্তু বিপুল অর্থ খরচ করেও নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পায়নি রিপাবলিকান শিবির। ডেমোক্র্যাটদের কাছে একাধিক গুরুত্বপূর্ণ আসনে পরাজিত হয়েছে তারা।
টেক্সাসের ফলাফল মাস্কের কাছে বিশেষ ধাক্কা বলে মনে করা হচ্ছে। কারণ এই রাজ্যেই রয়েছে তাঁর সংস্থা টেসলার সদর দফতর এবং স্পেসএক্সের গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখানেই সেমিকন্ডাক্টর তৈরির টেরাফ্যাব প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। অথচ এই রাজ্যেই রিপাবলিকান প্রার্থীদের পরাজয় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
নির্বাচনের ফল প্রকাশের পর মাস্ক সমাজমাধ্যমে লেখেন, তাঁর হস্তক্ষেপে এবার কাজ হয়নি। এর আগে নির্বাচনে স্টারলিঙ্কের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও সেই অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচনের ফল প্রকাশের পর টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দামও কমেছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে মাস্কের অস্বস্তির কারণ শুধু নির্বাচনী পরাজয় নয়। ট্রাম্প প্রশাসনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা DOGE-র দায়িত্বে থাকাকালীন তাঁর ভূমিকা নিয়েও ডেমোক্র্যাটদের একাংশ প্রশ্ন তুলেছেন। সরকারি কর্মী ছাঁটাই, অনুদান বাতিল এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সিদ্ধান্ত নিয়ে তদন্তের দাবি উঠেছে। সরকারি টেন্ডার ও ইউক্রেনে স্পেসএক্সের স্টারশিল্ড নেটওয়ার্ক ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে।
ডেমোক্র্যাট নেতাদের একাংশের বক্তব্য, ক্ষমতায় এলে মাস্কের ভূমিকা খতিয়ে দেখা হবে। অন্যদিকে, মাস্ক জানিয়েছেন, যে কোনও লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, প্রেসিডেন্ট পদ ছাড়ার আগে ট্রাম্প মাস্ককে আইনি সুরক্ষা দেওয়ার চেষ্টা করতে পারেন। তবে প্রেসিডেন্টের ক্ষমা প্রদর্শনের অধিকার সব ধরনের আইনি তদন্ত বন্ধ করতে পারে না। বিশেষ করে অঙ্গরাজ্যগুলির নিজস্ব তদন্ত এবং কংগ্রেসের অনুসন্ধান চালানোর সুযোগ রয়েছে।
সব মিলিয়ে নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর এবার মাস্কের রাজনৈতিক প্রভাব ও ব্যবসায়িক স্বার্থ কতটা চাপে পড়ে, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।







