বিদেশ

শেখ হাসিনাকে দ্রুত ফেরানোর দাবি, ভারতের কাছে আর্জি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেকের

ভারতের কাছে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আবেদন জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে এই দাবি জানান তিনি বলে জানা গিয়েছে। অন্যদিকে, কয়েক দিন আগেই একটি ভিডিয়ো বার্তায় শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি বাংলাদেশে ফিরবেন। চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনার কথাও জানান তিনি।

তারেকের সঙ্গে দীনেশের বৈঠক

চলতি বছরই কয়েক মাস পর ভারতে বসতে চলেছে ব্রিকস সম্মেলন। ওই সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়া দিল্লির তরফে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সেই আমন্ত্রণ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরে যান ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সেখানেই শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরানোর জন্য ভারতের কাছে আবেদন জানান তারেক রহমান। বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, ভারতের কাছে ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছে।

কী বললেন দীনেশ ত্রিবেদী?

বৈঠকের পর দীনেশ ত্রিবেদী জানান, আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।

এরই মধ্যে বাংলাদেশ সফরে গিয়েছেন ভারতের RAW প্রধান পরাগ জৈনের নেতৃত্বে গোয়েন্দা ও নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের আধিকারিকদের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, বাংলাদেশের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদীরা ঘাঁটি তৈরির চেষ্টা করছে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতকেও নিশানা করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই বিষয়গুলিই আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে ছাত্র-গণ আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। পরে ভারতে এসে আশ্রয় নেন তিনি। প্রায় দু’বছর ধরে ভারতেই রয়েছেন হাসিনা। এর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল গণহত্যার মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। এরপর থেকেই হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি জানিয়ে আসছিল তৎকালীন ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়ে বিএনপি ক্ষমতায় আসে। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সেই একই দাবি জানালেন তারেক রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.