বিদেশ

বাংলাদেশের নরসিংদীতে বন্ধ দোকানে আগুন, দগ্ধ হয়ে মৃত্যু যুবকের

বাংলাদেশে ফের এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। নরসিংদীতে একটি গাড়ির দোকানে আগুন লেগে দগ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম চঞ্চলচন্দ্র ভৌমিক (২৩)। তিনি কুমিল্লার বাসিন্দা হলেও নরসিংদীর ওই দোকানেই কাজ করতেন এবং সেখানেই রাত্রিযাপন করতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে নরসিংদী পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেট সংলগ্ন একটি গাড়ির দোকানে। শুক্রবার গভীর রাতে দোকানটিতে আগুন লাগে। শনিবার ভোরে দোকানের ভিতর থেকে চঞ্চলের দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দোকানের শাটারের নীচে আগুন ধরানো হয়েছিল। দোকানের ভিতরে পেট্রল ও মবিল মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

নরসিংদী সদর মডেল থানার ওসি এআরএম আল মামুন জানান, ঘটনার সময় দোকানের আশপাশে একাধিক ব্যক্তির উপস্থিতি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। দোকানের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় খুনের অভিযোগ উঠলেও এখনও স্পষ্ট নয়, কী কারণে এই অগ্নিকাণ্ড। তবে স্থানীয়দের একাংশের দাবি, পরিকল্পিতভাবেই দোকানে আগুন ধরিয়ে যুবককে পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ জানিয়েছে, সব দিক বিবেচনা করেই তদন্ত এগোচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। ভারত সরকার একাধিক বার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাস এবং শরীয়তপুরে খোকন দাসের হত্যাকাণ্ড নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। পরপর এই ধরনের ঘটনায় দেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.