খেলাধুলা

ড্রেসিং রুমে বসেই ই সিগারেটে টান ! বড়সড় শাস্তির মুখে রিয়ান ?

ই সিগারেটে সুখটান! এবার জেল যাত্রা হতে পারে রিয়ান পরাগের ? মঙ্গলবার ম্যাচ চলাকালীন , রিয়ান পরাগকে ড্রেসিং রুমে ভ্যাপিং বা ই সিগারেট ব্যবহার করতে দেখা যায় । ইতিমধ্যেই এই ঘটনার ছবি ও ভিডিও ( সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫ ) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিসিসিআই এর তরফে, তাঁর কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলেও সূত্রের খবর । এই ঘটনায় বোর্ডের তরফে , অনেকটা কড়া সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে জানা যাচ্ছে । অভিযোগের সত্যতা প্রমাণিত হলে রিয়ান পরাগকে ১ বছরের জন্য হাজতেও থাকতে হতে পারে ।

মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের । এদিন রিয়ান পরাগ যখন ড্রেসিং রুমে ছিলেন তখন তাঁকে সতীর্থদের পাশে বসে ই সিগারেট টানতে দেখা যায় । আর সেই দৃশ্যই এখন ভাইরাল সমাজ মাধ্যমে। আর এই ছবি ভাইরাল হওয়ার পরই , শুরু হয়েছে প্রবল বিতর্ক । কারণ ভারতে সম্পূর্ণভাবে ই সিগারেট সেবন নিষিদ্ধ। ড্রেসিংরুমে বসে যে কোনও ধরনের ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ। তবুও সেই নিয়ম অমান্য করে রিয়ান যেভাবে ধূমপান করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। ইতিমধ্যেই বোর্ডের পক্ষ থেকে পুরো ঘটনার ব্যাখ্যা তলব করা হয়েছে। প্রথমে ধারণা করা হচ্ছিল, বোর্ডের বিধি অনুযায়ী রিয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তাঁর জরিমানা কিংবা সাময়িক নির্বাসনের মতো শাস্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে বিষয়টি আরও গুরুতর দিকে এগোচ্ছে বলেই মনে করছেন ক্রিকেট মহলের অনেকেই। যেভাবে ড্রেসিংরুমে বসে পরাগ ‘ভেপিং’ করেছেন, তা বোর্ডের কর্তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। অনানুষ্ঠানিকভাবে শোনা যাচ্ছে, বহু ক্রিকেটারই ই-সিগারেট ব্যবহার করেন, কিন্তু পরাগের মতো প্রকাশ্যে ড্রেসিংরুমে বসে তা করতে দেখা যায় না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই দাপুটে সময়ে, যখন ক্যামেরা সবসময় নজর রাখছে। অনেকেরই ধারণা, এই ঘটনার পর বোর্ডের পক্ষে বিষয়টি এড়িয়ে যাওয়া কঠিন হবে। বরং পরাগের বিরুদ্ধে কিছু না কিছু পদক্ষেপ নিতেই হতে পারে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত রাজস্থান ফ্র্যাঞ্চাইজির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত , ২০১৯ সাল থেকে ভারতে ই-সিগারেটের ব্যবহার, উৎপাদন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনও ব্যক্তিকে ই-সিগারেট ব্যবহার করতে দেখা গেলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করতে পারে। প্রথমবার এই অপরাধে ধরা পড়লেও এক বছরের জেল বা সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ক্রিকেট মহলের মত, এই বিষয়ে বোর্ডকে ভারতীয় আইন মেনেই সিদ্ধান্ত নিতে হবে। ফলে এই পরিস্থিতিতে বোর্ডের বিশেষ কিছু করার সুযোগ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.